ইনস্টাগ্রামে বিরাট রেকর্ডে কোহলির পরের টার্গেট নেইমার, সামনে আর কারা জানেন?
প্রায় দুই বছর হতে চলল বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। তাতে অবশ্য ভারত অধিনায়কের জনপ্রিয়তায় এতটুকু খামতির লক্ষণ নেই। বরং তা বেড়েই চলেছে। এবার বিরাট কোহলি এমন এক নজির গড়লেন যে কীর্তি বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওমনেল মেসি ও নেইমার ছাড়া আর কারও নেই। বিরাট যে মাঠের বাইরে একের পর ছক্কা হাঁকিয়ে জনপ্রিয়তার স্ট্রাইক রেট বাড়িয়ে এগোচ্ছেন তাতে নেইমারকেও টপকে যেতে পারেন অদূর ভবিষ্যতে।

বিরাট কোহলি নিজে সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। এবার ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়াল ১৫০ মিলিয়নের গণ্ডি। ১৫ কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার বিরাট ছাড়া ক্রীড়াবিদদের মধ্যে রয়েছে শুধু বিশ্বের সেরা তিন ফুটবলারের। ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ৩৩৭ মিলিয়ন। ইনস্টাগ্রামের নিজস্ব ফলোয়ার সংখ্যার পরেই রয়েছেন সিআর সেভেন। সমস্ত সেলেবকে টেক্কা দিয়ে ফলোয়ার সংখ্যায় ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন পর্তুগালের অধিনায়ক। রোনাল্ডোর পরে সবচেয়ে বেশি যাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার তিনি হলেন মার্কিন অভিনেতা তথা প্রফেশনাল রেসলার ডোয়েন জনসনের (২৬৬ মিলিয়ন)। তাঁর পরেই রয়েছেন মার্কিন মডেল, টিভি পার্সোনালিটি তথা উদ্যোগপতি কাইলি জেনার, ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৬৩ মিলিয়ন। এরপরেই রয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ারের সংখ্যা ২৬০ মিলিয়ন।

ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার নিরিখে বিরাট কোহলি রয়েছেন ১৯ নম্বরে। তাঁর সামনে এখন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর মিউজিশিয়ান তথা অভিনেত্রী নিকি মিনাজ, তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৫৫ মিলিয়ন। ১৭ নম্বরে রয়েছেন নেইমার, ব্রাজিলের তারকা ফুটবলারের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৬০ মিলিয়ন। ফলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার হল বিরাটের, এশিয়াতেও আর কারও এই নজির নেই। ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে বিরাট কোহলির পরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (৬৭.৭ মিলিয়ন), শ্রদ্ধা কাপুর (৬৫.১ মিলিয়ন) এবং নেহা কক্কর (৬২ মিলিয়ন)। হপার ইনস্টাগ্রাম রিচ লিস্টে জুলাইয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিরাটের যখন ১২৫ মিলিয়ন ফলোয়ার ছিল তখন প্রতি পোস্টের দর ছিল ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। যা নিশ্চিতভাবেই নতুন কীর্তির পর বাড়তে চলেছে।
বিরাট কোহলির টুইটারে ফলোয়ারের সংখ্যা ৪৩.৪ মিলিয়ন। টুইটারে নিজেকে গর্বিত স্বামী ও পিতা (A proud husband and father) বলে বিরাট যে পরিচয় দিয়ে রেখেছেন তাও মন জয় করেছে বিরাট ভক্তদের। ফেসবুকে ভারত অধিনায়কের ৪৭ মিলিয়ন ফলোয়ার রয়েছেন।












Click it and Unblock the Notifications