Vijay Hazare Trophy: চাহালের চার উইকেট, শাহবাজের পাল্টা শতরান অঙ্কিতের! বাংলাকে হারিয়ে সেমিতে হরিয়ানা
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। আজ রাজকোটে বাংলাকে ডোবাল ব্যাটিং। হরিয়ানা ২৯ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে পৌঁছে গেল শেষ চারে।
হরিয়ানার সঙ্গে সেমিফাইনালে পৌঁছেছে তামিলনাড়ু, রাজস্থান এবং কর্নাটক। ফাইনালে ওঠার দ্বৈরথে হরিয়ানার সামনে তামিলনাড়ু এবং রাজস্থান খেলবে কর্নাটকের বিরুদ্ধে।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল হরিয়ানা। অভিষেক পোড়েল ও রণজ্যোৎ খাইরা ওপেন করেন। তবে ওপেনিং জুটি ফের ব্যর্থ। ২৫.১ ওভারে ৯৩ রানে বাংলার অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে চলে যায়। পোড়েল ২৪, রণজ্যোৎ ৬, অধিনায়ক সুদীপ ঘরামি ২১, অনুষ্টুপ মজুমদার ১৪ ও ঋত্ত্বিক রায়চৌধুরী ৫ রান করেন।
বাংলাকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন শাহবাজ আহমেদ। চারটি করে চার ও ছয়ের সাহায্যে তিনি ১১৮ বলে ১০০ রান করেন। যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৩৭ রান খরচ করে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। অনুষ্টুপ, ঋত্ত্বিক, প্রদীপ্ত প্রামাণিক (২১) ও মহম্মদ কাইফ (২) চাহালের শিকার। সুমিত কুমার ও রাহুল তেওয়াটিয়া ২টি করে উইকেট নেন।
বাংলা তুলেছিল ৫০ ওভারে ২২৫। জবাবে খেলতে নেমে ১৪ রানে দুই উইকেট হারালেও অঙ্কিত কুমারের শতরানই হরিয়ানার জয়ের পথ প্রশস্ত করে দেয়। ওপেনার অঙ্কিত ১০২ বলে ১০২ রান করেন। অধিনায়ক অশোক মেনারিয়া ৩৯ রান করেন। মহম্মদ কাইফ ও প্রদীপ্ত প্রামাণিক ২টি করে উইকেট নেন। ঈশান পোড়েল ও শাহবাজ একটি করে উইকেট পেয়েছেন।
মুম্বইকে ২২৭ রানে বেঁধে ফেলে তামিলনাড়ু ৪৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৩ উইকেট খুইয়ে। মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে ১ রানে আউট হন। বাবা ইন্দ্রজিৎ ৯৮ বলে ১০৩ রানে অপরাজিত থেকে তামিলনাড়ুকে জয় এনে দেন। বিদর্ভকে ১৭৩ রানে বেঁধে ফেলে ৭ উইকেটে জিতেছে কর্নাটক। রাজস্থানের ৮ উইকেটে ২৬৭ রানের জবাবে মাত্র ৬৭ রানেই গুটিয়ে গিয়েছে সঞ্জু স্যামসন-হীন কেরল।












Click it and Unblock the Notifications