Vijay Hazare Trophy: গুজরাতের বিরুদ্ধে ৮ উইকেট নিলেন হিমাচলের অর্পিত, তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নজির
Vijay Hazare Trophy: ৫০ ওভারের ক্রিকেটে ইনিংসে আটটি উইকেট দখল করেছেন অনেকেই। তবে সেই তালিকায় তৃতীয় ভারতীয় হিসেবে আজ নাম লেখালেন হিমাচল প্রদেশের মিডিয়াম পেসার অর্পিত গুলেরিয়া।
চণ্ডীগড়ে গ্রুপ ডি-র ম্যাচে অর্পিত গুজরাতের বিরুদ্ধে দখল করলেন ৮ উইকেট। যার ফলে তিনি নাম তুললেন এলিট লিস্টে। তবে তাতে গুজরাতের জয় আটকায়নি।

টস জিতে হিমাচল প্রদেশ ফিল্ডিং নিয়েছিল। গুজরাত ৪৯ ওভারে তোলে ৩২৭ রান। উর্বিল প্যাটেল ৯৩ বলে ১১৬, প্রিয়াঙ্ক পাঞ্চাল ১১৮ বলে ৯৬ রান করেন। অর্পিত ৯ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান খরচ করে তুলে নেন ৮ উইকেট। একটি করে উইকেট দখল করেছেন ঋষি ধাওয়ান ও ময়াঙ্ক ডাগর। জবাবে ওপেনার প্রশান্ত চোপড়া ৯৬ রান করলেও ৪৯.৫ ওভারে ৩১৯ রানে শেষ হিমাচল।
গুজরাত ম্যাচটি জিতে নেয় ৮ রানে। তবে এই ম্যাচের ফলাফলের চেয়েও উল্লেখযোগ্য অর্পিতের বোলিং ফিগার। প্রিয়াঙ্ক পাঞ্চাল, উমঙ্গ কুমার, চিরাগ গান্ধী, সৌরভ চৌহান, ক্ষিতিজ প্যাটেল, অধিনায়ক চিন্তন গজা, সিদ্ধার্থ দেশাই ও জয়বীর পারমার অর্পিতের শিকার।
লিস্ট এ বা ৫০ ওভারে ক্রিকেটে সেরা বোলিং ফিগার শাহবাজ নাদিমের। ঝাড়খণ্ডের নাদিম ২০১৮ সালে চেন্নাইয়ে রাজস্থানের বিরুদ্ধে ১০ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন। ১৯৯৭ সালে উনায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে দিল্লির রাহুল সাংভি ১৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৮ উইকেট। এই দুজনের পর অর্পিতও ৮ উইকেট নিলেন বিজয় হাজারে ট্রফিতেই।
একদিনের আন্তর্জাতিকে সেরা বোলিংয়ের নজির রয়েছে চামিন্ডা ভাসের দখলে। ২০০১ সালে ভাস কলম্বোয় জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯ রান খরচ করে ৮ উইকেট দখল করেছিলেন। ওডিআইয়ে আর কোনও বোলার ইনিংসে ৮ উইকেট নিতে পারেননি। বিশ্বের ত্রয়োদশ বোলার হিসেবে একদিনের ম্যাচে ইনিংসে ৮ উইকেট নিয়ে তাই চমকে দিলেন অর্পিত।












Click it and Unblock the Notifications