Vijay Hazare Trophy: অনুষ্টুপের টানা দ্বিতীয় শতরান, সেঞ্চুরি সুদীপেরও! গুজরাতকে গুঁড়িয়ে হরিয়ানার সামনে বাংলা
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। আজ রাজকোটে গুজরাতকে ২৪ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।
টানা দ্বিতীয় শতরান এলো অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকে। অধিনায়কোচিত শতরান করে অপরাজিত রইলেন সুদীপ ঘরামিও। অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়লেন তারকেশ্বরের সুমন দাস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে গুজরাত। ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল ১১৪ বলে ১০১ রান করেন। সৌরভ চৌহান ৫৩ বলে ৫৩, উমঙ্গ কুমার ৪৭ বলে ৬৫ রান করেন। সুমন দাস ১০ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট নেন।
প্রদীপ্ত প্রামাণিক ২ উইকেট তুলে নেন ৮ ওভারে ৫১ রান খরচ করে। ঈশান পোড়েল ৯ ওভারে ৪৬, মহম্মদ কাইফ ১০ ওভারে ৬০ ও করণ লাল ৮ ওভারে ৪৫ রান দিয়ে একটি করে উইকেট নেন। তৃতীয় উইকেট জুটিতে ১০৪ রান যোগ করেন পাঞ্চাল ও চৌহান। প্রদীপ্ত প্রামাণিক এই জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় গুজরাত।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই শাকির হাবিব গান্ধীর উইকেট হারায় বাংলা। এই ওপেনার পরপর ২টি ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফিরলেন। ১ রানে প্রথম উইকেট পড়ার পর ৭৭ রানে বাংলা দ্বিতীয় উইকেটটি হারায়। অপর ওপেনার অভিষেক পোড়েল ৫৩ বলে ৪৭ রান করে আউট হয়ে যান।
১৬.১ ওভারে ৭৭ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর আর বাংলাকে ফিরে তাকাতে হয়নি। পাঞ্জাব ম্যাচে ১১১ রানে অপরাজিত থাকার পর লিস্ট এ কেরিয়ারের সপ্তম শতরানটি পেয়ে গেলেন অনুষ্টুপ মজুমদার। ১০টি চার ও একটি ছয়ের সৌজন্যে ৮৮ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি।
তিনে নামা অধিনায়ক সুদীপ ঘরামি ১৩২ বলে ১১৭ রান করে অপরাজিত থাকলেন। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটি সুদীপের তৃতীয় শতরান। সুদীপ ও অনুষ্টুপের জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ৪৬ ওভারেই। চিন্তন গজা ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট পেয়েছেন। ভারতীয় দলের তারকা অক্ষর ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪৩ রান দেন।
এই ম্যাচ জেতার ফলে বাংলা সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে হরিয়ানার বিরুদ্ধে। আজকের অপর ম্যাচে মহারাষ্ট্রকে ১৫৩ রানে হারিয়েছে কেরল সঞ্জু স্যামসন ২৫ বলে ২৯ রান করলেও কেরলের দুই ওপেনার- কৃষ্ণ প্রসাদ ১৪৪ ও রোহন কুন্নুম্মল ১২০ রান করায় কেরল তোলে ৪ উইকেটে ৩৮৩। জবাবে ৩৭.৪ ওভারে মহারাষ্ট্র শেষ ২৩০ রানেই। শ্রেয়স গোপাল চার উইকেট নেন। কোয়ার্টার ফাইনালে রাজস্থানের সামনে কেরল।












Click it and Unblock the Notifications