জীবনের ইনিংসে সেঞ্চুরি করে প্রয়াত ভারতের প্রবীণতম ফার্স্ট ক্লাস ক্রিকেটার
জীবনের ইনিংসে সেঞ্চুরি করে প্রয়াত ভারতের প্রবীণতম ফার্স্ট ক্লাস ক্রিকেটার
সেঞ্চুরি হাঁকিয়ে জীবনের ইনিংস ছাড়লেন ভারতের প্রবীণতম ফার্স্ট ক্লাস ক্রিকেটার বসন্ত রাইজি। শনিবার ভোর রাতে মুম্বইয়ে নিজের বাসভবনে তিনি প্রয়াত হন। রাইজির জামাই সুদর্শন নানাবতী বার্ধক্যজনীত কারণে দেশের প্রবীণ এই ক্রিকেটারের মৃত্যু হয়েছে বলে জানান। গভীর রাত ২.২০ মিনিটে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেলেন তিনি।

গত জানুয়ারিতে সচিন তেন্ডুলকর ও স্টিভ ওয়াকে পাশে বসিয়ে শততম জন্মদিন পালন করেছিলেন রাইজি। তাঁর মৃত্যুতে আজ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি বারেবারে ঘুরপাক খাচ্ছে। ফ্যানেরা প্রবীণ ক্রিকেটারের প্রয়াণে শোকপ্রকাশ করে শততম জন্মদিন পালনের ছবিটি পোস্ট করে শেষশ্রদ্ধা জানিয়েছে।
ডানহাতি ব্যাটসম্যান বসন্ত রাইজি ১৯৪০-এর দশকে মুম্বই ও বরোদার হয়ে খেলতেন। ১৯৪১ সালে বিজয় মার্চেন্টের নেতৃত্ব মুম্বই দলে রাইজি অভিষেক করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে লালা অমরনাথ, সিকে নাইডু, বিজয় হাজারের মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৯টি ম্যাচ খেলেন। তাঁর ব্যাটে মোট ২৭৭ রান এসেছিল।ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬৮ রান। ক্রিকেটারের পাশাপাশি পেশায় তিনি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। খেলা ছাড়ার পর পরিসংখ্যানবিদ হিসেবে তিনি পরিচিতি তৈরি করেছিলেন। শনিবার দুপুরে মুম্বইয়ে প্রবীণ ক্রিকেটারের শেষকৃত্য সম্পন্ন হবে।

বসন্ত রাইজির প্রয়াণে শোকপ্রকাশে করে টুইট করেছেন সচিন তেন্ডুলকর। টুইটে সচিন লেখেন, '১০০ তম জন্মদিনে আমি পাশে ছিলাম। বয়স ১০০ ছুঁলেও ক্রিকেটের প্রতি মানুষটার ভালোবাসা একটুকুও পাল্টায়নি। ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল'












Click it and Unblock the Notifications