T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের কার্যত বিদায়! ভাঙল গেইলের নজির
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। চলতি টি২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক সেরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ক্যারিবিয়ান ব্রিগেডের জয় ১৩ রানে।
আফগানিস্তানের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কার্যত বিদায় নিল নিউজিল্যান্ড। আফগানিস্তান আর একটি ম্যাচ জিতলে বা তাদের কোনও ম্যাচ পরিত্যক্ত হলেই আশা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে কিউয়িদের।

নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট পড়ে গিয়েছিল ৬.৩ ওভারে মাত্র ৩০ রানে। সেখান থেকে দু-বারের টি২০ বিশ্বজয়ীরা ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। ম্যাচের সেরা শেরফান রাদারফোর্ড ২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। নিকোলাস পুরাণ ১২ বলে ১৭ রান করার ফাঁকে ভেঙে দেন ক্রিস গেইলের নজির।
টি২০ আন্তর্জাতিকে ক্রিস গেইলের ১৮৯৯ রানের নজির টপকে পুরানের রান এখন ১৯১৪, যা ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে সর্বাধিক। আকিল হোসেন ১৫, আন্দ্রে রাসেল ৭ বলে ১৪ ও রোমারিও শেফার্ড ১৩ রান করেন। একটি মেডেন-সহ ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এদিনও তিনি প্রথম ওভারে জনসন চার্লসকে (৫ বলে ০) ফেরান।
টিম সাউদি ৪ ওভারে ২১ ও লকি ফার্গুসন ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি করে উইকেট পেলেন। জিমি নিশাম ৪ ওভারে ২৭ ও মিচেল স্যান্টনার ২ ওভারে ২৭ রান খরচ করে পেয়েছেন ১টি করে উইকেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
এই ম্যাচে দুই দলের অধিনায়ক- রভম্যান পাওয়েল ৫ বলে এবং কেন উইলিয়ামসন ২ বল খেলে ১ রানে আউট হন। গ্লেন ফিলিপস ৩৩ বলে সর্বাধিক ৪০ রান করেন। ফিন অ্যালেন ২৬, রাচিন রবীন্দ্র ১০, ড্যারিল মিচেল ১২, জিমি মিশাম ১০, টিম সাউদি ০, ট্রেন্ট বোল্ট ৭ রান করেন। মিচেল স্যান্টনার ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
আলজারি জোসেফ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। গুডাকেশ মোতি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আকিল হোসেন ও আন্দ্রে রাসেল। ৩ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রান রেট ২.৫৯৬।
২ ম্যাচে ৪ পয়েন্ট ও সর্বাধিক ৫.২২৫ নেট রান রেট নিয়ে দুইয়ে আফগানিস্তান। তাদের ম্য়াচ বাকি পাপুয়া নিউ গিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। উগান্ডার ৩ ম্যাচে রয়েছে ২ পয়েন্ট। পাপুয়া নিউ গিনি ও নিউজিল্যান্ড খাতা খুলতে পারেনি। পাপুয়া নিউ গিনির (-০.৪৩৪) চেয়েও নেট রান রেট খারাপ নিউজিল্যান্ডের (-২.৪২৫)। ফলে আফগানিস্তান যদি দুটি ম্যাচে হারে এবং পাপুয়া নিউ গিনি ও উগান্ডাকে নিউজিল্যান্ড হারায়, তবুও আফগানদের নেট রান রেটে টেক্কা দেওয়া কঠিন কিউয়িদের।
সমীকরণটা এরকম- প্রথমে ব্যাট করা দল যদি ১৬০ তোলে এবং আফগানিস্তান দুটি ম্যাচে মোট ১২০ রানে হারে তাহলে নেট রান রেটে তাদের টেক্কা দিয়ে বাকি দুটি ম্যাচে কিউয়িদের সম্মিলিত জয়ের ব্যবধান হতে হবে ১৮৭। যা কার্যত অসম্ভব বলা চলে।












Click it and Unblock the Notifications