আইসিসি ২০২৪-এর টি ২০ বিশ্বকাপ নিয়ে পিছু হঠবে? আমেরিকাকে নিয়ে বিতর্কে জড়াল সৌরভের নাম!
আসন্ন টি ২০ বিশ্বকাপ নিয়ে জোর বিতর্ক। ২০২১ সালের নভেম্বরে আইসিসি জানায়, ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। এই সিদ্ধান্তের পর বিশ্বকাপ আয়োজনের জন্য আমেরিকা প্রস্তুত কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন।
মেজর লিগ ক্রিকেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থার ডামাডোল গড়িয়েছে আইসিসি অবধি। আমেরিকার ক্রিকেট সংস্থা কারা পরিচালনা করছেন তা নিয়ে সুস্পষ্ট ধারণাও নেই। এরই মধ্যে আইসিসি মেজর লিগ-সহ আমেরিকার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগকে অনুমোদন দেয়নি।

কীসের ভিত্তিতে যৌথভাবে আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হলো, সঠিক প্রক্রিয়া মেনে তা হয়েছে কিনা, বিশ্বকাপ আয়োজন করার মতো পরিকাঠামো রয়েছে কিনা এ সব ব্যাপারে ক্রিকেটনেক্সটের তরফে আইসিসির কাছে জানতে চাওয়া হয়। তবে উত্তর মেলেনি।
আইসিসি সূত্রকে উদ্ধৃত করে ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ, যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (USAC) বিশ্বকাপ আয়োজনের বিড জমা দিয়েছিল। আইসিসি বোর্ডের সাব কমিটি সবদিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেই বোর্ডের অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।

বোর্ড সাব কমিটির চেয়ারম্যান মার্টিন স্নেডান ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিটও ছিলেন ওই সিদ্ধান্ত নেওয়ার সময়। তাঁরা সবমিলিয়ে ২৮টি প্রস্তাব দেখেন। তারপর ঠিক করেন ২০২৪ থেকে ২০৩১ সাল অবধি কোন দেশে কোন আইসিসি ইভেন্ট হবে। নতুন দেশে বিশ্বকাপ আয়োজন করে ক্রিকেটের ব্যাপ্তি ঘটানোর পরিকল্পনা ছিল আইসিসির।
তবে বিতর্ক তৈরি হয় আমেরিকাকে নিয়ে। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন আগেও হয়েছে। কিন্তু বিশ্বকাপ এমন দেশেই হয়েছে যেখানে পরিকাঠামো রয়েছে এবং ক্রিকেট বোর্ড সুষ্ঠুভাবে চলছে। দুটোর কোনও শর্ত খাটে না আমেরিকার ক্ষেত্রে। জানা যাচ্ছে, ২০২২ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ ম্যাচ ফ্লোরিডার লৌডারহিলে হয়েছিল, যার পরিকাঠামোও পর্যাপ্ত নয়।

আইসিসি মেকশিফট ব্যবস্থা করে আমেরিকায় বিশ্বকাপের ১৫টি ম্যাচ করানোর পরিকল্পনা করছে। তার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচও নাকি রয়েছে। তবে এখনও যা পরিস্থিতি বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজনের মতো কোনও স্টেডিয়ামই আমেরিকায় এখনও তৈরি হয়নি।
ইউএসএ ক্রিকেটে ডামাডোল অব্যাহত। ইউএসএ ক্রিকেটে প্রাক্তন চেয়ারম্যান পরাগ মারাঠে ও চিফ এগজিকিউটিভ ইয়ান হিগিনস বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন। হিগিনস ২০০৮ থেকে ২০১৯ সাল অবধি আইসিসিতে জেনারেল কাউন্সেল ছিলেন। ২০১৫ সালে সিওও-র দায়িত্বও সামলেছেন।

আমেরিকা যাতে কো-হোস্ট হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে পারে তার অনেকটাই নিশ্চিত করেছিলেন হিগিনস। তিনি ২০১৫ সালের নভেম্বরে ইউএসএ ক্রিকেট থেকে পদত্যাগ করেন। মারাঠে পদত্যাগ করেন গত বছরের মে মাসে। ছয় মাসের মধ্যে দুই দক্ষ প্রশাসককে হারায় মার্কিন ক্রিকেট বোর্ড। এক বছরের মধ্যে তারা দুই অন্তর্বর্তী চেয়ারম্যান রাখতে বাধ্য হয়েছে।

ইউএসএ ক্রিকেট এখন নতুন সিইও খুঁজছে। এই ডামাডোলের মধ্যেই মেজর লিগ ক্রিকেট নিয়ে বিতর্ক বোর্ডের সঙ্গে ওই লিগের আয়োজকদের। ড্রাফট হয়ে গেলেও ওই লিগে খেলতে কাউকে যেন এনওসি দেওয়া না হয়, সেই সংক্রান্ত নির্দেশিকা সব সদস্য দেশকে দিয়েছে আইসিসি। আগামী টি ২০ বিশ্বকাপ তাই এককভাবে ওয়েস্ট ইন্ডিজই আয়োজন করতে পারে।












Click it and Unblock the Notifications