T20 World Cup 2024: ১৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ, এবারের দলে থাকা কোন ১১ খেলেছিলেন ২০১০ সালেও?
T20 World Cup 2024: ২০১০ সালের পর ২০২৪। ১৪ বছর পর টি২০ বিশ্বকাপের আসর ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ জিতেছে ২ বার।
এবার ইংল্যান্ড যেমন চাইবে টি২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখতে, তেমনই ওয়েস্ট ইন্ডিজ চাইবে দেশের মাটিতে বিশ্বজয়ের স্বাদ পেতে। ২০১০ সালের টি২০ বিশ্বকাপ খেলা ১১ জন ক্রিকেটার এবারেও রয়েছেন বিভিন্ন দলে।

২০০৭ সালে হয়েছিল প্রথম টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ খেলা রোহিত শর্মা, মাহমুদুল্লাহ ও শাকিব আল হাসান এবারের টি২০ বিশ্বকাপেও খেলবেন। টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৯টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। শাকিব রয়েছেন দ্বিতীয় স্থানে, তিনি টি২০ বিশ্বকাপে ৩৬টি ম্যাচ খেলেছেন।
টি২০ বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার তিনে তিলকরত্নে দিলশান, শ্রীলঙ্কার এই ক্রিকেটার খেলেছেন ৩৫টি ম্যাচ। ৩৪টি করে ম্যাচ খেলেছেন ডোয়েইন ব্র্যাভো, শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নার। ২০০৯ থেকে টি২০ বিশ্বকাপ খেলা ওয়ার্নার এবার সহজেই তিনে উঠে আসবেন। দুইয়ে যাওয়াও কঠিন নয়।
মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল ও মুশফিকুর রহিম টি২০ বিশ্বকাপে ৩৩টি করে ম্যাচ খেলেছেন। মাহেলা জয়বর্ধনে, লাসিথ মালিঙ্গা, কুমার সঙ্গকারা ও যুবরাজ সিং খেলেছেন ৩১টি করে ম্যাচ। ৩০টি করে টি২০ বিশ্বকাপ ম্যাচ খেলার নজির রয়েছে এবি ডি ভিলিয়ার্স, কামরান আকমল, মাহমুদুল্লাহ ও মহম্মদ হাফিজের।
২০১০ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে টি২০ বিশ্বকাপ হয়েছিল তাতে রোহিত শর্মা ছাড়াও ভারতীয়দের মধ্যে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা, এই দুজন এবারের টি২০ বিশ্বকাপেও খেলবেন। বাংলাদেশের শাকিব আল হাসান ও মাহমুদুল্লাহও ওই বিশ্বকাপে খেলেছিলেন, এবারের দলেও রয়েছেন।
আয়ারল্যান্ডকে এবার নেতৃত্ব দেবেন পল স্টার্লিং, তিনি ২০১০ সালের টি২০ বিশ্বকাপেও খেলেছিলেন। আরেক আইরিশ জর্জ ডকরেলেও ২০১০ সালের টি২০ বিশ্বকাপে খেলেন, এবারেও খেলবেন। এ ছাড়াও ২০১০ সালের টি২০ বিশ্বকাপ খেলা যাঁরা এবারের বিশ্বকাপ দলে রয়েছেন তাঁরা হলেন- শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ, আফগানিস্তানের মহম্মদ নবি, নিউজিল্যান্ডের টিম সাউদি, পাকিস্তানের মহম্মদ আমির ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।












Click it and Unblock the Notifications