T20 World Cup 2024: ১২৫ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে বিরাট পুরস্কার বিসিসিআইয়ের
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য বিপুল আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে এই খবর জানান।
২০০৭ সালের পর দ্বিতীয়বার ভারত টি২০ বিশ্বকাপ খেতাব জিতেছে। তবে এর আগে বিশ্বের কোনও দল অপরাজেয় থেকে এই খেতাব জিততে পারেনি।

জয় আজ এক্স হ্যান্ডলে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি টি২০ বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হবে। গোটা টু্র্নামেন্টে ভারতীয় দল প্রতিভা, দৃঢ়সংকল্প ও খেলোয়াড়সুলভ মানসিকতার অনবদ্য নিদর্শন রেখেছে। এই অসাধারণ কীর্তির জন্য প্লেয়ার, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন।
I am pleased to announce prize money of INR 125 Crores for Team India for winning the ICC Men’s T20 World Cup 2024. The team has showcased exceptional talent, determination, and sportsmanship throughout the tournament. Congratulations to all the players, coaches, and support… pic.twitter.com/KINRLSexsD
— Jay Shah (@JayShah) June 30, 2024
ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ইনিংস শেষ করলেন টি২০ বিশ্বকাপ জিতেই। টি২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। দ্রাবিড়ের সঙ্গে থাকা সাপোর্ট স্টাফদের কেউ আর দায়িত্বে থাকবেন কিনা তা স্পষ্ট নয়।
টি২০ বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই সভাপতি রজার বিনি খোলসা করেননি গৌতম গম্ভীরই পরবর্তী হেড কোচ হচ্ছেন কিনা। তবে তিনি বলেন, এমন কাউকে কোচ করা হবে যাঁর অভিজ্ঞতা রয়েছে এবং তিন ফরম্যাটেই খেলেছেন। ফলে ঘুরিয়ে তিনি গম্ভীরের দিকেই ইঙ্গিত করেছেন।
উল্লেখ্য, গম্ভীরের সঙ্গে হেড কোচ পদের জন্য ইন্টারভিউ দিয়েছেন ডব্লিউভি রামন। তাঁর টি২০ খেলার অভিজ্ঞতা নেই। ফলে তিন ফরম্যাট খেলা কাউকে কোচ করার বক্তব্যে স্পষ্ট গম্ভীরের দিকেই ইঙ্গিত। গম্ভীর আজ তিরুপতির বালাজী মন্দিরে পুজো দিয়েছেন।
ভারতীয় দল পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে যাবে জিম্বাবোয়ে সফরে। সেই সিরিজে হেড কোচ হিসেবে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে থাকা কোনও সাপোর্ট স্টাফ জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। নতুন হেড কোচের মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে সাপোর্ট স্টাফ বাছাইয়ের ক্ষেত্রে।
এরই মধ্যে রোহিত শর্মার নেতৃত্বাধীন টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল দেশে ফিরে দেখা করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর ফোনে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন মোদী। এক্স হ্যান্ডলে তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করে দলকে অভিনন্দন জানান টি২০ বিশ্বকাপ জেতার জন্য। ফোন করে দ্রাবিড় ও রোহিতের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মোদীর সঙ্গে সম্ভবত সাক্ষাৎ করতে পারবেন না সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল। তাঁরা জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications