T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচের ফেভারিট বাছতে পারলেন না সৌরভ! প্রশংসা করলেন গম্ভীরের
T20 World Cup 2024: সৌরভ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন টি২০ বিশ্বকাপের আসরে। আমেরিকায় বিশ্বকাপের আসর থেকে তিনি যাবেন লন্ডনেও মেয়ের কাছে।
তার আগে আজ কলকাতা প্রেস ক্লাবে একটি ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠানে হাজির থেকে টি২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক।

গৌতম গম্ভীর গতকালই ভারতীয় দলের হেড কোচ হওয়ার আগ্রহ জনসমক্ষে প্রকাশ করেছেন। ফলে ক্রমেই স্পষ্ট হচ্ছে, ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত তিনিই হতে চলেছেন। টি২০ বিশ্বকাপের পর সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে হতে পারে।
গম্ভীর বলেছিলেন, কোচ সংক্রান্ত প্রশ্নের উত্তর আগে দিইনি। অনেকেই জানতে চেয়েছিলেন এ ব্যাপারে। তবে এখন বলছি। ভারতের কোচ হতে পারলে ভালোই লাগবে। ১৪০ কোটি মানুষের দেশ আমাদের, বিশ্বেও প্রচুর ভারতীয় রয়েছেন। ফলে জাতীয় দলের কোচিং করানোর চেয়ে বড় সম্মান কিছুই হতে পারে না।
সৌরভ এদিন বলেন, আমি আগেও বলেছি গম্ভীর যদি কোচ হতে রাজি থাকেন তাহলে তিনি এই পদের জন্য খুবই ভালো ও যোগ্য প্রার্থী। উল্লেখ্য, রবি শাস্ত্রীর মেয়াদ ফুরানোর পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে কোচ করার বিষয়ে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে ঋষভ পন্থ তিনে নেমে অর্ধশতরান করেছেন। আইপিএলে সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট, পন্থ তার অধিনায়ক। আইপিএলে দারুণ কামব্যাকের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই পন্থ যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে খুশি মহারাজ।
সৌরভ বলেন, পন্থ ভালো খেলবেন টি২০ বিশ্বকাপেও। তিনি খুব ভালো প্লেয়ার। এখনও বিশ্বকাপ তো সেভাবে শুরু হয়নি। ভারত প্রস্তুতি ম্যাচ খেলেছে। ৫ তারিখ টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতের দল যথেষ্টই ভালো, ভালোই খেলবে।
২০০৭ সালে ভারত প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আর খেতাব জিততে পারেনি। ২০১৩ সালের পর ভারত আইসিসির কোনও ইভেন্টেও চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও সৌরভ বলেন, ভারত এবারেও অন্যতম ফেভারিট। ভারত-পাকিস্তান ম্যাচে তিনি কাকে এগিয়ে রাখছেন? এই প্রশ্নের উত্তরে সৌরভের জবাব, বিশ্বকাপে ভারত ভালোই খেলে। তবে টি২০ ফরম্যাটে যে কোনও দিন যে কেউ জিততে পারে। অর্থাৎ সোজাসুজি বললে এটা দাঁড়ায় ৯ জুনের হাইভোল্টেজ ম্যাচে কাউকেই আগেভাগে ফেভারিট ধরলেন না সৌরভ।












Click it and Unblock the Notifications