T20 World Cup 2024: রশিদ-নবীনের চারটি করে উইকেট! বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান, বিদায় অস্ট্রেলিয়ার
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ইতিহাস। প্রথমবার সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে।
যার জেরে ছিটকে গেল ২০২১ সালের টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লিটন দাস অর্ধশতরান করেও জেতাতে পারলেন না বাংলাদেশকে। অধিনায়ক রশিদ খান নেন ৪ উইকেট।

সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্য়াট করতে নেমে ৫ উইকেটে ১১৫ তুলেছিল আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করেন। অধিনায়ক রশিদ খান ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। ইব্রাহিম জাদরান ১৮, আজমাতুল্লাহ ওমরজাই ১০, গুলবদিন নঈব ৪ ও মহম্মদ নবি ১ রানে আউট হন।
করিম জানাত ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন তিনটি উইকেট পেয়েছেন ৪ ওভারে ২৬ রান খরচ করে। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশে ইনিংস বারবার বৃষ্টিতে ব্যাহত হয়। একটা সময় বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকাকালীন বাংলাদেশের পার স্কোর ২ রান কম ছিল। বৃষ্টি আসছে দেখে হেড কোচ জনাথন ট্রট মাঠের বাইরে থেকে সময় নষ্টের ইশারা করতেই স্লিপে দাঁড়ানো গুলবদিন হঠাৎ পড়ে যান। যা সকলেই বুঝে যান পায়ে চোটের অভিনয়ের চেষ্টা। রশিদ খানেরও বিষয়টি ভালো লাগেনি।
শেষ অবধি টার্গেট দাঁড়ায় ১৯ ওভারে ১১৪। ঠিক তার আগেই একাদশ ওভারে পরপর দুই বলে রশিদ খান ২টি উইকেট তুলে নেন। ৮০ রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। লিটন দাস পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।
নবীন উল হকের বলে মুস্তাফিজুর রহমান (১ বলে ০) লেগ বিফোর হতেই রচিত হয় ইতিহাস। নবীন ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে নিলেন চার উইকেট। রশিদ খান ৪ ওভারে ২৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। একটি উইকেট পান নঈব। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৬টা থেকে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান সেমিফাইনাল।
তানজিদ হাসান, শাকিব আল হাসান ও রিশাদ হোসেন শূন্য রানে আউট হন। সৌম্য সরকার ১০, তৌহিদ হৃদয় ১৪, মাহমুদুল্লাহ ৬, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫ ও তানজিম হাসান শাকিব ৩ রান করেছেন। রশিদ খান ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। এদিন হাঁটুতে চোট লাগায় গুরবাজ প্রথম ওভারের পর কিপিং করতে পারেননি। তিনি সেমিফাইনালে খেলতে পারেন কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications