ভারতের টি২০ বিশ্বকাপ দলে কাকে না দেখে চটলেন শ্রীকান্ত? নির্বাচকদের পক্ষপাতদুষ্ট বলে আক্রমণ

T20 World Cup 2024: ভারতের টি২০ বিশ্বকাপের দল নিয়ে বিতর্ক অব্যাহত। বেশ কয়েকজন ক্রিকেটারকে কেন নেওয়া হলো, তার ক্রিকেটীয় ব্যাখ্যা এখনও মেলেনি।

রিঙ্কু সিংয়ের বাদ পড়া নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকা আরও দীর্ঘায়িত হলো। এবার এক ওপেনারের জন্য ব্যাট ধরলেন প্রাক্তন ওপেনার।

T20 World Cup 2024

চলতি আইপিএলে বিরাট কোহলিকে টপকে এখন অরেঞ্জ ক্যাপের দখল নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। গতকাল পাঞ্জাব কিংস ম্যাচে তিনি ৪৮ বলে ৬২ রান করেছেন। যার ফলে ১০ ম্যাচে তাঁর মোট রান ৫০৯, বিরাটের ৫০০। এবারের আইপিএলে একটি শতরান ও চারটি হাফ সেঞ্চুরি ঋতুরাজের নামের পাশে। স্ট্রাইক রেট ১৪৬.৬৮।

ভারতীয় ওপেনারদের মধ্যে শুভমান গিল এখনও অবধি ৩২০, রোহিত শর্মা ৩১৫ ও ২৪৯ করেছেন। রোহিত ভারত অধিনায়ক। তাঁর সঙ্গে যশস্বী জয়সওয়াল বিশ্বকাপের দলে রয়েছেন। আইপিএলে ওপেন করেন বিরাট কোহলি। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর তিনি দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেননি। কোহলি এবারের দলেও রয়েছেন।

শুভমান গিল ১৫ সদস্যের দলে জায়গা না পেলেও রিজার্ভে থাকা চার ক্রিকেটারের অন্যতম। সেখানে কোথাও নেই ঋতুরাজের নাম! চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে ব্রাত্য রাখার সিদ্ধান্তটি একেবারেই মানতে পারছেন না ভারতের নির্বাচকমণ্ডলীর প্রাক্তন প্রধানের দায়িত্ব সামলানো শ্রীকান্ত।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, শুভমান গিল একেবারেই ফর্মে নেই। কিন্তু তারপরেও তিনি কীভাবে দলে? ঋতুরাজ গায়কোয়াড় যে বিশ্বকাপের দলে থাকার যোগ্য, তা নিয়ে কোনও সংশয়ই নেই। ১৭ ইনিংসে পাঁচশো রান আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানও করেছেন (গুয়াহাটিতে গত নভেম্বরে ৯৭ বলে অপরাজিত ১২৩)।

শ্রীকান্ত বলেন, শুভমান গিল নির্বাচকদের নয়নের মণি। ব্যর্থ হলেও তাঁকে সুযোগ দেওয়া হবে। টেস্ট, একদিনের আন্তর্জাতিক বা টি২০ আন্তর্জাতিক, যে কোনও ফরম্যাটেই তিনি ব্যর্থতার পর সুযোগ পেয়েই যাবেন। ভারতের দল নির্বাচন পক্ষপাতদুষ্ট। প্রচুর পরিমাণে পক্ষপাতিত্ব চলছে।

রিঙ্কু সিংয়ের পাশাপাশি লোকেশ রাহুল, রিয়ান পরাগের মতো ক্রিকেটারদেরও জায়গা হয়নি দলে। অনেকেই বলছেন, নামের পিছনে না ছুটে তরুণ ক্রিকেটার, যাঁরা নির্ভীক ক্রিকেট খেলতে পারবেন, তেমন প্লেয়ারদেরই সুযোগ দেওয়া উচিত। যেমনটা হয়েছিল ২০০৭ সালে। আজ বিকেলেই মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন নির্বাচক প্রধান অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা। সেখানে তাঁদের দিকে ধেয়ে আসতেই পারে নানা অপ্রিয় প্রশ্নের বাউন্সার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+