Syed Mushtaq Ali Trophy: মিজোরামকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার, শামির হতাশার দিনে উজ্জ্বল অভিষেক
Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল বাংলা। পাঞ্জাব, হায়দরাবাদকে হারানোর পর আজ সুদীপ ঘরামিরা হারালেন মিজোরামকে।
প্রতিপক্ষ দুর্বল হলেও বল হাতে মহম্মদ শামির এদিনের পারফরম্যান্স হতাশাজনকই। তবে চেনা ছন্দে ফিরে দলকে জিতিয়ে ম্যাচের সেরা অভিষেক পোড়েল।

আগের দুটি ম্যাচ নিরঞ্জন শাহ স্টেডিয়ামে খেললেও বাংলা এদিন নেমেছিল সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম সি-তে। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় বাংলা। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তোলে মিজোরাম।
বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি ১৩ বলে ১৩ রান করেন। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন মোহিত জাংরা। মহম্মদ শামি ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। উল্লেখ্য, পাঞ্জাব ম্যাচেও শামি ৪ ওভারে ৪৬ রান খরচ করেছিলেন, পেয়েছিলেন ১ উইকেট।
তবে হায়দরাবাদের বিরুদ্ধে শামি ৩.৩ ওভারে ২১ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছিলেন। কিন্তু এদিন ফের হতাশ করলেন। কণিষ্ক শেঠ ৩ ওভারে ২১, সায়ন ঘোষ ৪ ওভারে ২২ ও করণ লাল ২ ওভারে ১৪ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। শাহবাজ আহমেদ ২ ওভারে ১৯ রান দেন, উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে বাংলা ১৫.৩ ওভারেই ২ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৯টি চার ও চারটি ছয়ের সৌজন্যে ৪৫ বলে ৮১ রান করেন অভিষেক পোড়েল। দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার পাঞ্জাব ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে করেছিলেন ৪১।
সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অপর ওপেনার করণ লাল ৪০ বলে ৬৭ রান করেন। এদিন ওপেনিং জুটিতে ১২.৪ ওভারে ওঠে ১৩১। আগের ম্যাচে অভিষেক-করণের ওপেনিং জুটিতে উঠেছিল ৯.৫ ওভারে ৮৪। শাকির হাবিব গান্ধী ১০ বলে ৮, ঋত্ত্বিক রায় চৌধুরী কোনও বল না খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন খিয়াংতে ভানরোটলিঙ্গা।
৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বাংলা আপাতত গ্রুপ এ-র শীর্ষে রয়েছে। শুক্রবার বাংলা খেলতে নামবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ১ ডিসেম্বর মেঘালয়, ৩ ডিসেম্বর বিহার ও ৫ ডিসেম্বর রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা দলের। এদিন ম্যাচের সেরার পুরস্কার পেলেন অভিষেক পোড়েল।












Click it and Unblock the Notifications