IPL Auction 2022: ব্রিজেশের একটা ফোনেই নিলাম কক্ষে হাজির হয়ে গিয়েছিলেন চারু, কী বলেছিলেন আইপিএল চেয়ারম্যান?
ব্রিজেশের একটা ফোনেই নিলাম কক্ষে হাজির হয়ে গিয়েছিলেন চারু, কী বলেছিলেন আইপিএল চেয়ারম্যান
আইপিএল-এর মেগা নিলামে প্রথম দিন অপ্রত্যাশিত এক ঘটনার সাক্ষী থাকেছে গোটা বিশ্ব। নিলামকারী হিউজ এডমিডাস আকস্মিক অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। তড়িঘড়ি ব্রিটিশ নিলামকারীর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা এবং তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই অবস্থায় তারকাখচিত নিলাম এগিয়ে নিয়ে যাওয়া হবে কোন পথে সেটাই ছিল লক্ষ টাকার প্রশ্ন। অবশেষে মুশকিল আসান হিসেবে হাজির হন চারু শর্মা।

নিলামে কোনও ভাবেই উপস্থিত থাকার কথা ছিল না চারুর। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের একটি ফোন কলই সমস্যর সমাধান করে দেয়। নিলামের পর চারু জানিয়েছেন বেঙ্গালুরুতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে ছিলেন তিনি। সেই সময়ে ফোন আসে তাঁর দীর্ঘদিনের বন্ধু ব্রিজেশের।
স্পোর্টসস্টারকে চারু বলেছেন, "আমি হোটেলের (যেই হোটেলে নিলাম হচ্ছে) থেকে বেশি দূরে থাকি না। ব্রিজেশ আমায় ফোন করে বলে, 'কিছু জামা কাপড় গায়ে চাপাও এবং দৌড়াও।'১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই ভেন্যুতে। প্রাথমিক ভাবে সমস্ত বিষয়টা আমায় জানানো হয় এবং কাজে লেগে পরি ।" শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও ঠিক মতো দায়িত্ব পালন করতে কোনও সমস্যা হয়নি চারু শর্মার। তিনি বলেন, "ব্রিজেশ আমার পুরনো বন্ধু, ফলে ও যখন আমায় ফোন করে ডেকেছে তখন আমায় যেতেই হতো এবং একজন পেশাদার হিসেবে এই কাজ আমি আগেও করেছি। সব কিছু যখন তৈরি তখন কোনও সমস্যা হয় না।"
চারু শর্মা ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক পরিচিত নাম। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে তিনি বেশ জনপ্রিয়। দীর্ঘদিন সঞ্চালনার পাশাপাশি ধারাভাষ্যকারের দায়িত্বও পালন করেছেন চারু। শুধু ধারাভাষ্যকর বা টেলিভিশন সঞ্চালকই নন, প্রো কবাডি লিগের ডিরেক্টরের ভূমিকায় নিযুক্ত চারু শর্মা। অতীতে ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখ্য আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন চারু। তিনি বলেন, "নিলামকারী হিসেবে আমি নিয়মিত কাজ করি এবং আইপিএল বাদে অন্যান্য অনেক লিগের আয়োজিত নিলামে সঞ্চালকের দায়িত্ব সামলেছি। আমি সেটাই করছিলাম যেটা আমি অতীতেও করেছি।"
আইপিএল অক্সানের প্রথম দিন নিলামের দিকে চোখর ছিল না চারুর। তিনি ব্যস্ত ছিলেন বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্য। ফলে নিলামগৃহে কী চলছে সেই বিষয়ে কোনও খবরই ছিল না প্রথম দিকে তাঁর কাছে। তিনি বলেন, "এই নিলামের ক্ষেত্রে খুব বেশি প্রতিকূলতা আছে বলে আমি মনে করি না। এই নিলামের নিজস্ব একটা ধারা রয়েছে এবং বাকিটা সবই তৈরি। একটা সিস্টেম যখন তৈরি থাকে তখন আপনার খুব বেশি সমস্যা হয় না।"












Click it and Unblock the Notifications