ইংল্যান্ড সিরিজ শেষে কোভিড ১৯ টেস্টের অপেক্ষায় বসে শ্রীলঙ্কার ক্রিকেটাররা
ইংল্যান্ড সিরিজ সেরে কোভিড ১৯ টেস্টের অপেক্ষায় বসে শ্রীলঙ্কার ক্রিকেটাররা
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হতেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নামতে চলেছে শ্রীলঙ্কা। তার আগে নিজেদের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট কেমন আসে, আশা এবং আশঙ্কা নিয়ে সেদিকেই তাকিয়ে রয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে ইংল্যান্ড ওয়ান ডে দলের সাত জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শ্রীলঙ্কা দলের সদস্যদের মনে এ ব্যাপারে ভীতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

গত ৪ জুলাই ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচের পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ড ক্রিকেট দলের তিন ক্রিকেটার সহ সাত জন সদস্য। তাঁদের ও দলের বাকি সদস্যদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে নতুন দল তৈরি করা হয়েছে। বেন স্টোকস নেতৃত্বাধীন ওই দলের সব সদস্যদের কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।
তবু ভয় যাচ্ছে না ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যদের। করোনা আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেটারদের সংস্পর্শে আশার বিষয়টিই ভাবাচ্ছে লঙ্কান শিবিরকে। ফলে আশা এবং আশঙ্কা নিয়ে নিজেদের কোভিড ১৯ টেস্টের জন্য অপেক্ষা করছেন কুশল পেরেরারা।
উল্লেখ্য চলতি মাসেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা। চুক্তি বিতর্ক নিয়ে বোর্ড এবং ক্রিকেটারদের দ্বন্দ্বের মধ্যেই এই মোকাবিলা সফলভাবে অনুষ্ঠিত করতে চাইছে দ্বীপরাষ্ট্র। তাতে করোনা ভাইরাস যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেই প্রার্থনাই করছেন শ্রীলঙ্কার ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications