শ্রীলঙ্কার কাছে হেরে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলঙ্কা টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল আগেই। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের। নেট রান রেট খারাপ থাকায় বাকি দুটি ম্যাচে জিতলেও কাইরন পোলার্ডের দলের পক্ষে শেষ চারে যাওয়া ছিল অসম্ভবই। তবু অঙ্কের নিয়মে যেটুকু সম্ভাবনা ছিল তা শেষ হয়ে গেল শ্রীলঙ্কার কাছে ম্যাচ হারায়। টি ২০ বিশ্বকাপ থেকে পাকাপাকি বিদায় হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের। এক ম্যাচ বাকি থাকতেই।

আজ আবু ধাবিতে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬৮ রান করেন চরিথ আসালঙ্কা। পাথিম নিসঙ্কা করেন ৪১ বলে ৫১। কুশল পেরেরা ২৯ রান করেন। অধিনায়ক দাসুন শনকা ১৪ বলে ২৫ ও চামিকা করুণারত্নে তিন রানে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ডোয়েইন ব্র্যাভো পেয়েছেন একটি উইকেট। জবাবে খেলতে নেমে ২ ওভারে ১০ রানের মধ্যে দুই ওপেনার ক্রিস গেইল (১) ও এভিন লুইস (৮) আউট হয়ে যান। রস্টন চেজ ৯, আন্দ্রে রাসেল ২, অধিনায়ক পোলার্ড শূন্য, জেসন হোল্ডার ৮ ও ডোয়েইন ব্র্যাভোও চূড়ান্ত ব্যর্থ। ১৭ ওভারে ১৩১ রানের মাথায় পড়ে অষ্টম উইকেট।

A fighting knock from Hetmyer 👊#T20WorldCup | #WIvSL | https://t.co/Trhq8nBeY9 pic.twitter.com/z47gfOI0Ki
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2021
শেষ অবধি শিমরন হেটমায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের বেশি তুলতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজের মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের রান পান। নিকোলাস পুরাণ ৩৪ বলে ৪৬ রান করেন। আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। শ্রীলঙ্কা ১৮৯ রান তুললেও বোলারদের নিয়ে সন্তুষ্ট পোলার্ড। তাঁর কথায়, উইকেট ভালো ব্যাটিংয়ের উপযুক্ত ছিল। হেটমায়ার, পুরাণের মতো তরুণরা সেটা দেখিয়ে দিয়েছেন। তিনি নিজে এবং সিনিয়ররা প্রত্যাশিত ব্যাটিং করতে না পারাতেই এই পরাজয় বলে মনে করেন পোলার্ড। আজ জিতলে অঙ্কের নিয়মেও শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার দৌড়ে থাকত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সম্ভাবনা না থাকায় গোটা দলই হতাশ।

Sri Lanka end their campaign on a high 👏#T20WorldCup | #WIvSL | https://t.co/Trhq8nBeY9 pic.twitter.com/eJmdEvJQ8q
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2021
এই মুহূর্তে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর বোলার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ১৯ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন। এতে ক্যালেন্ডার ইয়ারে টি ২০ আন্তর্জাতিকে তাঁর উইকেট-সংখ্যা ২০ ম্যাচে বেড়ে হল ৩৬। টি ২০ বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়ে তিনি এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী। চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দোও দুটি করে উইকেট নেন। টি ২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আত্নবিশ্বাসী শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। হাসারঙ্গা সম্পর্কে শনকা বলেন, তিনি একজন রত্ন। একজন সুপারস্টার পেতে চলেছে বিশ্ব ক্রিকেট। অনেক ক্রিকেট খেলা বাকি আছে। একজন অধিনায়ক হিসেবে হাসারঙ্গার জন্য যা যা করা দরকার আমি তা করতে প্রস্তুত। ম্যাচের সেরা হয়েছেন আসালঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবু ধাবিতে। ওইদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। ফলে ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ ১ থেকে কোন দল শেষ চারে উঠবে তা স্পষ্ট হয়ে যাবে শনিবারই।












Click it and Unblock the Notifications