ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে টস জেতার হ্যাটট্রিক দক্ষিণ আফ্রিকার, প্রথমে ব্যাটিং পন্থদের, একাদশে কারা?
বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ জিইয়ে রাখতে আজ ঋষভ পন্থদের জিততেই হবে। অন্যদিকে, প্রোটিয়ারা জিতলেই পকেটে পুরে ফেলবে সিরিজ। দিল্লি, কটকের পর এদিনও টস জিতে ফিল্ডিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের একাদশ অপরিবর্তিত।

পিচ রিপোর্ট দিতে গিয়ে দীপ দাশগুপ্ত জানান, এর আগে এখানে যে দুটি টি ২০ আন্তর্জাতিক হয়েছে তা লো স্কোরিং ম্যাচ হয়েছে। কিন্তু এদিনের উইকেট ব্যাটিং সহায়কই হবে বলে মনে করা হচ্ছে। পিচের দুদিকে বাউন্ডারি যথাক্রমে ৬৪ ও ৬৮ মিটারের। তবে সোজা বাউন্ডারি বেশ বড়, ৭৯ মিটারের। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ডিউ ফ্যাক্টর ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলবে না বলেও মনে করা হচ্ছে। বিশাখাপত্তনমের স্টেডিয়ামের আউটফিল্ডের প্রশংসা করেছেন দীপ। ১৭০ থেকে ১৮০ রান এই উইকেটে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। স্পিনাররা এই উইকেট থেকে খুব বেশি ফায়দা আদায় করতে পারবেন না বলেও মত দীপের। তবে ব্যাটাররা উপভোগ করবেন ব্যাটিং।
২০১৬ সালে ভারত বিশাখাপত্তনমে শ্রীলঙ্কাকে ৮২ রানে অল আউট করে দিয়ে ১৪ ওভারেই জয় ছিনিয়ে নিয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতকে ৭ উইকেটে ১২৬ রানে বেঁধে ফেলে অজিরা শেষ বলে তিন উইকেটে জয় ছিনিয়ে নেয়। ২০১৯ সালের পর থেকে বিশাখাপত্তনমে ২টি আইপিএল ও ১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। টস জেতার পর বাভুমা বলেন, উইকেট ভালোই। আমরা রান তাড়াই করব। যেটা আমরা আগের দুটি ম্যাচেই ভালোভাবে করতে পেরেছি। আমরা আগের ম্যাচের চেয়ে সব বিভাগে ১ শতাংশ উন্নতি করতে চাই। আজকের ম্যাচে সেটাই আমার প্রত্যাশা।
টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক ঋষভ পন্থ। তিনি বলেন, আমরা টসে কী হলো তা নিয়ে বিশেষ ভাবি না। পরিকল্পনা ভালোভাবে প্রয়োগ করাই লক্ষ্য থাকবে। সেটা করতে পারলে অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমাদের মাস্ট-উইন গেম হলেও সকলে শান্ত থাকারই চেষ্টা করছি। প্রত্যেকে ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন। আগেরগুলির চেয়ে এই উইকেটটি ভালো বলেই মনে হচ্ছে।
ভারত- ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
দক্ষিণ আফ্রিকা- রিজা হেন্ডরিক্স, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডোয়েইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি












Click it and Unblock the Notifications