মহারাজ মহালয়ায় মহারণে, ডোনার অনুষ্ঠান লন্ডনে, সৌরভের পাড়ার পুজোয় সারা দেবীর চক্ষুদান
Sourav Ganguly: মহালয়ায় মহারাজ মহারণে। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকালই তিনি পৌঁছে গিয়েছেন আমেদাবাদে।
আজ সকালে ক্রিকেট সংক্রান্ত এক আলাপচারিতায় হাজির থাকবেন সৌরভ। তারপরই সদলবলে যাবেন ভারত-পাক ম্যাচ দেখতে। অন্যদিকে, ডোনা গঙ্গোপাধ্যায়ের মহালয়ায় অনুষ্ঠান রয়েছে লন্ডনে।

সৌরভের পাড়ার পুজো বলেই বিখ্যাত বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। রীতি মেনে এবার মহালয়ার ভোরে সেখানেই হলো দেবীর চক্ষুদান পর্ব। জুঁই গঙ্গোপাধ্যায়-সহ ক্লাবের অনেকেই উপস্থিত ছিলেন। আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রেডিওতে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহালয়া চলছে, তখন থেকেই শুরু হয়েছিল আজকের অনুষ্ঠানের প্রস্তুতি।
পাঁচটা নাগাদ দেবীর চক্ষুদান করেন প্রতিমাশিল্পী। সৌরভের পুজো দেখতে বরাবরই দর্শনার্থীদের ঢল নামে। তবে এবার দেবীর চক্ষুদান পর্বের দিন শহরে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ও। সিএবি সভাপতি স্নেহাশিস, সচিব নরেশ ওঝা, সৌরভের বন্ধু সঞ্জয় দাস, আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্যরা গতকালই আমেদাবাদের বিমান ধরেছেন।

ডোনা গঙ্গোপাধ্যায় কন্যা সানাকে নিয়ে পুজোতে আসবেন। সৌরভও এবার পুজো কাটাবেন কলকাতায়। মহালয়ায় আজ বিশেষ অনুষ্ঠান রয়েছে দীক্ষামঞ্জরীর। স্থানীয় সময় বেলা আড়াইটে থেতে তা শুরুর কথা। ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে লন্ডনের নেহরু কালচার সেন্টারের ফেসবুক ও ইউটিউব পেজে।
মহালয়ার অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে দীক্ষামঞ্জরী ও দক্ষিণায়ন ইউকের যৌথ উদ্যোগে। ঢাকের বোল শোনা যাবে লন্ডনেও। নাচে-গানে জমজমাট অনুষ্ঠানটির রিহার্সাল ডোনার তত্ত্বাবধানেই চলছে গত কয়েকদিন ধরেই। কলকাতা থেকে পৌঁছে গিয়েছেন দীক্ষামঞ্জরীর নৃত্যশিল্পীরাও। ব্রিটেনে ডোনার শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications