Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাদার ফেভারিট ভারতই, রোহিত-বিরাট প্রসঙ্গে কী বললেন সৌরভ?
আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আবার ওডিআইয়ের মেগা আসর। ২০১৭ সালের পর আবার একদিনের ফর্ম্যাটে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত শেষ ওডিআই সিরিজে শ্রীলঙ্কার কাছে হারে এবং সাম্প্রতিক সময়ে ভারতের টেস্ট পারফরফ্যান্সও অত্যন্ত খারাপ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাদার পছন্দের এক নম্বর তালিকাতেও আছে ভারত।
সোমবার সন্ধ্যায় অনূর্ধ্ব ১৫ ভারতসেরা বাংলার মহিলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই সৌরভ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের পছন্দের কথা খোলাখুলি ঘোষণা করলেন। দাদার বার্তা কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বস্তি দেবে। লাল বলে খারাপ খেললেও সাদা বলে যে অন্য ভারতকে দেখা যাবে তা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

অনুষ্ঠান মঞ্চে সৌরভ বলেন, টেস্টে সাম্প্রতিক সময়ে ভারত খারাপ খেলতে পারে। কিন্তু সাদা বলে সম্পূর্ণ অন্য ভারতকে দেখা যাবে। শেষ দুটি আইসিসি ইভেন্ট দেখুন। ভারত অপরাজিতভাবে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। আর একদিনের বিশ্বকাপে একটা মাত্র ম্যাচে হেরেছে। সব মিলিয়ে ভারত শেষ দুটি আইসিসি ইভেন্টে ১টা ম্যাচ হেরেছে। ফলে সাদা বলের ক্রিকেটে ভারত দারুন দল। আমার মতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট হয়েই নামবে। আমার মনে হয়ে ভারত এখন দারুন একটা সাদা বলের দল।
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে। তাদের অবসরের দাবিও উঠেছে। কিন্তু এখনই বিরাট বা রোহিতের উপর আস্থা হারাচ্ছেন না দাদা। আগামী ইংল্যান্ড সফর বিরাটের জন্য যেমন অগ্নিপরীক্ষা তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাদা বলে পুরানো রোহিতকে দেখার অপেক্ষায় আছে সৌরভ।
সৌরভ বলেন, বিরাট একজন কিংবদন্তি ক্রিকেটার। ঠিক যেমন ঝুলন-মিতালি একজন কিংবদন্তি মহিলাদের ক্রিকেটে তেমনই বিরাটও পুরুষদের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ শতরান অভাবনীয়। আমার মনে হয় বিরাট সাদা বলে সেরা ক্রিকেটার। তবে আমি কিছুটা অবাক অস্ট্রেলিয়া সিরিজে বিরাটের পারফরম্যান্স নিয়ে। কারণ পারথে প্রথম ম্যাচে শতরানের পর কীভাবে পর পর ইনিংসে ব্যর্থ হল বুঝতে পারলাম না।
একইসঙ্গে বিরাট প্রসঙ্গে সৌরভ আরও বলেন, দুর্বলতা সব ব্যাটারের থাকে। কিন্ত সেটা কাটিয়ে উঠতে হয়। আমার মনে বিরাটের খেলা অনেক বাকি আছে। আসন্ন ইংল্যান্ড সিরিজই তাঁর জন্য কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কেমন খেললেন সেটা নিয়ে আমি ভাবিত নই কারণ কোহলি সাদা বলের সেরা ক্রিকেটার।
রোহিত প্রসঙ্গে সৌরভ বলেন, রোহিত শর্মা সাদা বলে দুরন্ত একজন ক্রিকেটার। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা ওডিআইতেই রোহিতকে তাঁর সেরা ছন্দে দেখতে পাব। তবে লাল হলে রোহিত যা খেলছেন তার থেকে তিনি ভালো খেলতেই পারেন। অতীতেও খেলেছেন। তবে টেস্ট জিততে হলে ব্যক্তিগত রান শুধু নয় দলের স্কোর ভালো হওয়া দরকার। আমরা পারথে জিতেছিলাম কারণ ভালো রান করেছিলাম বলে।
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সৌরভ বলেন, ভালো দলই বেছে নেওয়া হয়েছে। প্রত্যেকেই ভালো ক্রিকেটার। এর আগে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে এবং একদিনের বিশ্বকাপে ভালো খেলেছে। একইসঙ্গে আসন্ন টি২০ সিরিজ প্রসঙ্গে দাদা বলেন, এই সিরিজে ভারতই জিতবে। ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। তবে বিসিসিআইয়ের নির্দেশিকা বা আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সাজা প্রসঙ্গ নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ।
সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে দাদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেতিবাচক প্রভাব সব জায়গায় থাকতে পারে, সেটা কাটিয়ে উঠতে হবে। তার মধ্যে ইতিবাচক দিকগুলো খুঁজে নিতে হবে।
এদিকে সোমবার ভারতসেরা অনূর্ধ্ব ১৫ মহিলা দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিল সিএবি। রানার্স হওয়া দলগুলিকেও উৎসাহিত করা হল। সৌরভ মেয়েদের দলকে নিয়ে বলেন, এখন মহিলারা ছেলেদের দলকে কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলছে। পাশ থেকে ঝুলন বলেন, আমাদের কোনও প্রতিযোগিতা নেই।












Click it and Unblock the Notifications