এশিয়া কাপের দিকে নজর বিসিসিআইয়ের, টি ২০ বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে কী বলছেন সৌরভ?
ইংল্যান্ডের মাটিতে ভারতের টি ২০ সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ভারতের। আজ লর্ডসে রোহিত শর্মারা জিতলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজও পকেটে পুরে ফেলবেন। এরপর ক্যারিবিয়ান সফর। বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজের পর টি ২০ সিরিজেও খেলবেন না, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ভারতের দল ঘোষণায়। রোহিত একদিনের সিরিজ না খেললেও ক্যারিবিয়ান সফরে টি ২০ সিরিজ খেলবেন। আগামী মাসে এশিয়া কাপও রয়েছে। এশিয়া কাপ থেকে টি ২০ বিশ্বকাপে ভারতের সম্ভাবনা, নানা প্রসঙ্গে বিলেতে বসেই মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ?
শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট চরমে। জ্বালানির সঙ্কট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলন শুরু করেছেন দেশের নাগরিকরা, তার চাপে দেশ ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। অন্তর্বর্তী রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংঘেকেও মানছেন না আন্দোলনকারীরা। তবে এই আন্দোলনের মধ্যেই অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ ১-১ করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের শ্রীলঙ্কা সফরও রয়েছে। আন্দোলনের আঁচ ক্রিকেট মাঠে পড়েনি। কিন্তু এখনও নিশ্চিত নয় অগস্টের শেষের দিকে এশিয়া কাপ আদৌ শ্রীলঙ্কায় হবে কিনা সেই ব্যাপারটি। জানা যাচ্ছে, বাংলাদেশেও এশিয়া কাপ সরতে পারে।

নজর বিসিসিআইয়ের
এই পরিস্থিতিতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, শ্রীলঙ্কায় এশিয়া কাপের সম্ভাবনা কতটা সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে নজর রাখছি। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলেছে। শ্রীলঙ্কাও ভালো খেলছে। ফলে এখনই কিছু বলার সময় আসেনি। অন্তত একটা মাস অপেক্ষা করতে চাইছি আমরা।

বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে
চলতি বছরে টি ২০ বিশ্বকাপ রয়েছে। আগামী বছর ভারতেই হবে ৫০ ওভারের বিশ্বকাপে। ভারতীয় দলকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের যে প্রত্যাশা রয়েছে তা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, সব সময় আইসিসি টুর্নামেন্ট জেতা সম্ভব নয়। ভারত ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে হেরে গিয়েছিল। ফলে বিশ্বকাপে ভারত ভালো খেলে না এটা বলা ঠিক নয়। তবে এটা ঠিক ভারত যখন খেলে তখন ভারতীয় দলের জয়ের প্রত্যাশাও অনেক বেশি থাকে। আমাদের দল যথেষ্ট ভালো। ফ্যান্টাস্টিক ক্রিকেটাররা রয়েছেন। আশা করব, অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে সকলেই নিজেদের উজাড় করে সাফল্য এনে দেবেন।

বোর্ড সভাপতি তৃপ্ত
গতকাল ভারতের ন্যাটওয়েস্ট ট্রফির ২০ বছর পূর্তিতে ব্রিটিশ পার্লামেন্টে সম্বর্ধনা জানানো হয় সৌরভকে। ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। বাঙালি হিসেবে এই সম্মান পেয়ে সৌরভ খুশি। করোনা পরিস্থিতি সামলে বিসিসিআই যেভাবে আইপিএলের সম্প্রচার স্বত্ব রেকর্ড দরে বিক্রি করতে সক্ষম হয়েছে তাতে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি কখনও খেলার সঙ্গে অর্থের তুলনা করি না। কিন্তু অর্থ এলে পরিকাঠামো তৈরির কাজ সহজ হয়। ভারতীয় ক্রিকেট মজবুত জায়গায় রয়েছে। আমাদের পরেও যাঁরাও বোর্ডের দায়িত্বে আসবেন, তাঁরাও এই ধারাবাহিকতা বজায় রাখবেন। ক্রিকেটার ও প্রশাসকরাই খেলাকে এগিয়ে নিয়ে যাবেন।
ছবি- শতদ্রু দত্ত












Click it and Unblock the Notifications