জিন পরীক্ষার রিপোর্ট শুক্রবার, সৌরভ’কে ছুটি দেওয়ার বিষয়ে কী ভাবছে মেডিক্যাল বোর্ড
শারীরিরক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। হাসপাতালে দিন কাটালেও অনেকটাই সুস্থ মহারাজ। ঠিক মতো খাওয়া-ঘুম সবই হচ্ছে। তবে, মহারাজারে জিন পরীক্ষার রিপোর্ট আসার পরই তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই জানা যাচ্ছে।

গত সোমবার (২৭ ডিসেম্বর) শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌরভ'কে। হাসপাতাল সূত্রে আগেই জানা গিয়েছে, ভর্তি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আর জ্বর আসেনি মহারাজের। বুকে সামান্য সর্দি জমলেও তা গত কালের থেকে অনেকটাই কম। ঘুমের জন্য কোনও ওষুধ নিতে হয়নি। ওষুধ ছাড়াই ভাল ঘুমিয়েছেন তিনি। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রও ঠিকঠাক রয়েছে।
সৌরভ ওমিক্রন আক্রান্ত কি না, তা জানার জন্য জিন পরীক্ষার জন্য যে নমুনা কল্যাণী'তে পাঠানো হয়েছে তার রিপোর্ট আসেনি এখনও। শুক্রবার বিকেলে সেই রিপোর্ট হাসপাতালে আসার কথা। সূত্রের খবর, সেই রিপোর্ট দেখেই মহারাজ'কে ছাড়তে চায় বেসরকারি ওই হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য গঠিত বোর্ড। তবে, এ-ও জানা যাচ্ছে সৌরভের বাড়ির সদস্যদের সঙ্গে আলোচনা করে আগেও ছাড়া হতে পারে, যদি তাঁদের তরফ থেকে কোনও প্রস্তাব আসে। তবে, এখনও সেই রকম কোনও প্রস্তাব আসেনি। স্বয়ং সৌরভও এই বিষয়ে হাসাপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনও কথা বলেননি।
এখনও পর্যন্ত জিন পরীক্ষার রিপোর্ট হাতে না এলেও তিন সদস্যের মেডিক্যাল বোর্ড এবং দুই সদস্যের বিশেষ অ্যাডভাইজারি কমিটি প্রাথমিক ভাবে মনে করছে হয়তো ওমিক্রন আক্রান্ত নন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও সরকারী ভাবে সমক্ষে এই বিষয়ে মেডিক্যাল বোর্ড বা অ্যাডভাইজারি কমিটি কিছু বলেনি।
কলকাতা পুরসভার পক্ষ থেকে বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করা হয়েছে। তাঁর বাড়ি সহ আশেপাশেও জীবাণুনাশক ছড়ানো হয়। সৌরভ করোনায় আক্রান্ত হলেও তাঁর পরিবারের কেউ এই মারণ ভাইরাসে আক্রান্ত হননি। তবে, কোনও রকম ঝুঁকি নিতে চায়নি পুরসভা। সৌরভের বাড়ি সহ পারিপার্শ্বিক এলাকায় যাতে কোনও ভাবেই কোভিড-১৯-এর সংক্রমণ ছড়িয়ে না পরে তার জন্য তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
চলতি বছর এর আগেও কোভিড হানা দিয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে। জুলাই মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরের শুরুতেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন সৌরভ-জননী নিরূপা গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications