Sourav Ganguly Birthday: মহারাজকীয় উৎসবের প্রহর গোনা শুরু, জন্মদিনে বড় চমক দেবেন দাদা!
Sourav Ganguly Birthday: সাতই জুলাই যদি হয় মাহি পার্বণ, তবে ৮ জুলাই অবশ্যই দাদা দিবস। জুলাইয়ের ৮ তারিখ মানেই বাঙালির কাছে একটা আবেগের দিন। একইদিনে জন্মগ্রহণ করেন বাংলার দুই আইকন। একজন রাজনীতির ময়দানের অন্যজন ক্রিকেট মাঠে। জ্যোতি বসু, সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার গোটা দেশ আচ্ছন্ন মাহি ম্যানিয়ায়। এরইমধ্যে কাউন ডাউন শুরু হয়ে গিয়েছে মহারাজের জন্মদিনের।
২০২২ সালে নিজের ৫০তম জন্মদিনটা লন্ডনে ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে কাটিয়েছিলেন দাদা। এবার তিনি বাড়িতেই থাকছেন। মূলত তাঁর অফিসেই জন্মদিন সেলিব্রেশন হবে। কিন্তু জন্মদিনের আগে রহস্য বাড়িয়েছেন সৌরভ নিজেই। একটি টুইট ঘিরে বেড়েছে জল্পনার মাত্রা। সেখানে দাদা আভাস দিয়েছেন ৮ জুলাই তিনি ঘোষণা করবেন।

সমাজ মাধ্যমে পোস্ট করা ফটোতে ডায়েরিতে লিখতে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। ক্যাপশনে সৌরভ লেখেন, 'তোমরা চেয়েছিলে, তাই চলে এলাম। ৮ জুলাই, আমার জন্মদিনে একটি বিশেষ ঘোষণা করব। নজর রেখো।'
You asked & its here! Announcing something special on my birthday, 8th July … stay tuned. pic.twitter.com/R4q3snsspk
— Sourav Ganguly (@SGanguly99) July 6, 2023
সৌরভের এই রহস্যময় পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে। কী হতে পারে এই বিশেষ ঘোষণা? রাজনীতি নাকি বায়োপিক না অন্য কোনও কিছু? জল্পনা কল্পনা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে চর্চার অন্ত নেই বঙ্গে। ২০১৯ সালে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাত্ সেরে এসেছেন। সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খোলেননি। এর আগে জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন দাদা। মে মাসে বিজেপি শাসিত ত্রিপুরায় পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তাঁকে। আবার মুখ্যমন্ত্রী ও শাসকদলের একাধিক নেতার সাথে তাঁকে বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে।
কিন্তু সক্রিয় রাজনীতি থেকে বরাবরাই দূরে থেকেছেন দাদা। এমনকি নিজের মুখেই বার বার অস্বীকার করেছেন রাজনীতির যোগদানের প্রসঙ্গ। কেউ আবার বলছেন, এটা নিছকই প্রমোশন স্টান্ট। অতীতেও সৌরভ ব্র্যান্ডের প্রমোশন আগে একাধিকবার চমক দিয়ে পোস্ট করেছেন। রহস্য উন্মোচন হবে ৮ জুলাই।

এর আগে সৌরভ একইভাবে এমনই টুইট করে জল্পনা বাড়িয়েছিলেন। পরে দেখা যায়, তিনি একটি বহুজাতিক সংস্থার বিপননী দূত হিসেবে হাজির হয়েছেন। এবারও কি এমনটা হবে? এরআগে একাধিকবার সোশ্যাল সাইটে এই ধরনের পোস্ট করেন দাদা। কিন্তু দিনের শেষে বিজ্ঞাপণী চমক হয়েই থেকে গিয়েছে।
সৌরভের চিত্রনাট্য স্বয়ং ঈশ্বরই লেখেন, না হলে তিনি নানা ভূমিকায় এসে বারবার সফল হন কী করে! তাই এবারও মহারাজ কী করেন, সেই নিয়ে রহস্য থাকছেই।
দিনটা কিন্ত গুরুত্বপূর্ণ, একে পঞ্চায়েত ভোট, অন্যদিকে দাদার জন্মদিন।












Click it and Unblock the Notifications