Mandhana's Record: মিতালির রেকর্ড ভেঙে মান্ধানার শতরান, নিউজিল্যান্ড চূর্ণ হরমনপ্রীতের ভারতের কাছে
Mandhana's Record: মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি রাজের শতরানের রেকর্ড ভাঙলেন স্মৃতি মান্ধানা। কেরিয়ারের অষ্টম WODI শতরান হাঁকিয়ে।
ভারতীয়দের মধ্যে আপাতত সবচেয়ে বেশি WODI শতরান করার নজির মান্ধানারই দখলে চলে গেল। সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে হারাল ভারত।

টি২০ বিশ্বকাপ জিতে ভারতে এসেছিল নিউজিল্যান্ড। সেই বিশ্বকাপের পর প্রথম সিরিজেই হারল সোফি ডিভাইনের দল। আজ আমেদাবাদে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে নিউজিল্যান্ড তোলে ২৩২। ব্রুক হ্য়ালিডে করেন সর্বাধিক ৮৬ষ জর্জিয়া প্লিমার ৩৯, ইসাবেলা গেজ ২৫ রান করে আউট হন।
মহিলাদের ওডিআই র্যাঙ্কিংয়ে এদিনই কেরিয়ারের সেরা বিশ্বের দুই নম্বর স্থানে উঠে এসেছেন দীপ্তি শর্মা। বাংলার এই অলরাউন্ডার এদিন ২টি মেডেন-সহ ১০ ওভারে ৩৯ রান খরচ করে নিলেন তিন উইকেট। প্রিয়া মিশ্র ২টি উইকেট এবং রেণুকা সিং ও সাইমা ঠাকোর একটি করে শিকার ঝুলিতে পোরেন।
জবাবে খেলতে নেমে ভারত ৪৪.২ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। স্মৃতি মান্ধানা ১২১ বলে শতরান পূর্ণ করেন। ১০টি চারের সাহায্যে তিনি ১২২ বলে ১০০ রান করে আউট হন। ৬টি চারের সাহায্যে অধিনায়ক হরমনপ্রীত কৌর ৬৩ বলে ৫৯ রান করেন।
শেফালি ভার্মা ১২, যস্তিকা ভাটিয়া ৩৫, জেমাইমা রডরিগেজ ২২ রান করেন। তেজল হাসাবনিস শূন্য রানে অপরাজিত থাকেন। ৩৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে জেতে হরমনপ্রীতের ভারত। প্রথম ম্যাচে খেলেননি হরমমপ্রীত। স্মৃতির নেতৃত্বে সেই ম্যাচে ভারত জিতেছিল ৫৯ রানে। দ্বিতীয় ম্যাচে ভারত পরাস্ত হয় ৭৬ রানে।
মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ১৫টি শতরান অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের। নিউজিল্যান্ডের সুজি বেটসের রয়েছে ১৩টি শতরান। ইংল্যান্ডের তামসিন বিউমন্টের রয়েছে ১০টি ওডিআই শতরান। ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ইংল্যান্ডের শার্লটি এডওয়ার্ডস ৯টি করে শতরান হাঁকিয়েছেন WODI-এ।
মহিলাদের আন্তর্জাতিকে অষ্টম শতরান হাঁকিয়ে এখন স্মৃতি ধরে ফেললেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ইংল্যান্ডের সামান্থা টেলর, অস্ট্রেলিয়ার কারেন রলটন ও নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক সোফি ডিভাইনের কীর্তি।












Click it and Unblock the Notifications