শুভমান গিল দেশের মাটিতে পেলেন প্রথম টেস্ট শতরান, আমেদাবাদে অস্ট্রেলিয়াকে প্রত্যাঘাত ভারতের
আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে তৃতীয় দিনের চা বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১৮৮। শুভমান গিল দেশের মাটিতে প্রথম ও টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান পেলেন।
আমেদাবাদ টেস্টে ভারতের পরিত্রার ভূমিকায় অবতীর্ণ হলেন শুভমান গিল। আরও চাপ বাড়ল লোকেশ রাহুলের উপর। প্রথম দুটি টেস্টে রাহুল ব্যর্থ হওয়ায় শুভমান গিলকে ইন্দোর ও আমেদাবাদে খেলায় ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ভালো পিচে অনবদ্য শতরান হাঁকালেন শুভমান গিল। দেশের মাটিতে এটি তাঁর প্রথম টেস্ট শতরান।

টেস্টের তৃতীয় দিন চা বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১৮৮। অজিদের চেয়ে এখনও ভারত ২৯২ রানে পিছিয়ে, হাতে ৮ উইকেট। ক্রিজে রয়েছেন শুভমান গিল ও বিরাট কোহলি। দুই সেশনে একটি করে উইকেট তুলতে পেরেছেন অজি বোলাররা। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ১০ ওভারে বিনা উইকেটে ৩৬। রোহিত শর্মা ১৭ ও শুভমান গিল ১৮ রানে অপরাজিত ছিলেন। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৪৪ রান। ২১তম ওভারের শেষ বলে ভারত অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরান ম্যাথু কুহনেম্যান। রোহিত ৫৮ বলে ৩৫ রান করেন। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন চেতেশ্বর পূজারা ও শুভমান গিল।
গিল লাঞ্চের আগেই অর্ধশতরান পূর্ণ করে ফেলেন ৯০ বল খেলে। তাঁর শতরান আসে ১৯৪ বলে। শুভমান কেরিয়ারের ১৫তম টেস্ট ম্যাচটি খেলছেন। গত ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ১৫২ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই ছিল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। দ্বিতীয় শতরানটি এলো আজ। দেশের মাটিতে প্রথম শতরানটি করলেন তাঁর আইপিএল দল গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ডেই। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে শুভমান আউট হয়েছিলেন ১৪৬ বলে ৯১ রানের ইনিংস খেলে। টেস্টে বিশ্বের ১ নম্বর দলের বিরুদ্ধে দায়িত্বশীল শতরান নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াল।
প্রথম সেশনে রোহিতের উইকেট খোয়ানোর পর চা বিরতির সামান্য আগে চেতেশ্বর পূজারার উইকেটটি হারায় ভারত। তিনটি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৪২ রান করে পূজারা লেগ বিফোর হন টড মার্ফির বলে। রিভিউ নেন। কিন্তু এ ক্ষেত্রে পরিত্রাণ পাননি। গিল ও পূজারার জুটিতে ওঠে ১১৩ রান। ৬২তম ওভারের শেষ বলে ১৮৭ রানে পড়ে ভারতের দ্বিতীয় উইকেটটি। চা বিরতিতে শুভমান গিল ১৯৭ বলে ১০৩ রানে অপরাজিত রয়েছেন। বিরাট কোহলি ৪ বলে ০ রানে ক্রিজে রয়েছেন। ম্যাথু কুহনেম্যান ৮ ওভারে ২০ রানের বিনিময়ে ও টড মার্ফি তিনটি মেডেন-সহ ৯ ওভারে ১৮ রান খরচ করে একটি করে উইকেট নিয়েছেন। ৬৩ ওভারের মধ্যে নাথান লিয়ঁ ২৩ ওভার বল করেছেন ৩ মেডেন ৪৫ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications