শুভমান গিল আইসিসির বিচারে সেরা, ছুঁলেন বিরাট-কীর্তি! ভাইরাল ভিডিও জল্পনা বাড়াল সারাকে নিয়ে
জানুয়ারি মাসের পারফরম্যান্সের নিরিখে শুভমান গিলকে সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করল আইসিসি। গত অক্টোবরে বিরাট কোহলির পর এই প্রথম ভারতীয় পেলেন এই পুরস্কারটি।
শুভমান গিল নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাননি। কিন্তু বিগত কয়েক মাস ধরে তিনি রয়েছেন দুরন্ত ফর্মে। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। সাদা বল থেকে লাল বল, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান হাঁকিয়েছেন। ওডিআই দ্বিশতরানও পেয়েছেন। এবার মিলল তারই স্বীকৃতি।

গিলের মুকুটে নয়া পালক
পারফরম্যান্সের নিরিখে আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। যদিও শেষ অবধি জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারটি পেলেন গিল। মূলত সাদা বলের ক্রিকেটে বিধ্বংসী ফর্মের কারণেই এই পুরস্কারটি পেলেন ভারতীয় দলের ওপেনার। জানুয়ারি মাসে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজ খেলেছেন শুভমান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ৭, ৫ ও ৪৬। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি করেন যথাক্রমে ৭০, ২১ ও ১১৬।

বিরাটের পর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই শুভমান ১৪৯ বলে ২০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পরের দুটি ম্যাচে করেন যথাক্রমে অপরাজিত ৪০ ও ১১২। এরপর কিউয়িদের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে করেন ৭ ও ১১। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ছিল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। তাতে অপরাজিত ১২৬ রানের রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেন। তিন ম্যাচের দ্বিপাক্ষিক একদিনের সিরিজে বাবর আজম ও শুভমান গিল যুগ্মভাবে সর্বাধিক রানের (৩৬০ রান) মালিক। জানুয়ারি মাসে শুভমান ৫৬৭ রান করেছেবন। যার মধ্যে রয়েছে তিনটি শতরান। গত অক্টোবরে বিরাট কোহলির পর এই প্রথম কোনও ভারতীয় এই পুরস্কার পেলেন।

জানুয়ারির সেরা
এই পুরস্কার পাওয়ার পর গিল বলেন, আইসিসির প্যানেল ও বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের ভোটে মাসের সেরা ক্রিকেটার হতে পেরে রোমাঞ্চিত। জানুয়ারি মাসটি আমার কাছে বিশেষ গুরুতবপূর্ণ, তা আরও স্মরণীয় হয়ে থাকল এই পুরস্কারটি পাওয়ায়। সতীর্থ ও কোচেরা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। অন্য যাঁরা মনোনীত হয়েছিলেন অসাধারণ পারফরম্যান্সের জন্য, তাঁদেরও ধন্যবাদ জানাই। পারফরম্যান্সের জন্য স্বীকৃতি পেলে তা হৃদয় ছুঁয়ে যায়। এই ইনিংসগুলি থেকে আমি অনেক আত্মবিশ্বাস সঞ্চয় করেছি। চলতি বছর দেশের মাটিতে বিশ্বকাপ রয়েছে। তার আগে এই ধরনের পুরস্কার যে তাঁকে উৎসাহিত করছে তা বুঝিয়ে দিয়েছেন গিল।
সারা-যোগ নিয়ে জল্পনা
এদিকে, ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শুভমান গিলের নতুন হেয়ারস্টাইল। এমনকী সারা তেন্ডুলকরের সঙ্গেও গিলের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সচিন-কন্যা তাঁর নতুন হেয়ারস্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তার ঠিক পরদিনই শুভমান হেয়ার কাটিংয়ের ভিডিও শেয়ার করে অনেকেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন।












Click it and Unblock the Notifications