শার্দুল ঠাকুরের কেরিয়ারের সেরা বোলিং! জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে বড় লিড পেল না দক্ষিণ আফ্রিকা

ব্রিসবেন, ওভালের পর এবার জোহানেসবার্গে। টেস্টে শার্দুল ঠাকুরের বিধ্বংসী পারফরম্যান্স। কেরিয়ারের সেরা বোলিং করে এদিন একাই ম্যাচে ফেরালেন ভারতকে। সোশ্যাল মিডিয়ায় লর্ড শার্দুলকে নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট-ভক্তরা। শার্দুল ঠাকুরের সাত উইকেট দক্ষিণ আফ্রিকাকে বড় লিড পেতে দিল না গুরুত্বপূর্ণ টেস্টে। ভারতের ২০২ রানের জবাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ ২২৯ রানে।

আস্থার মর্যাদা দিলেন শার্দুল

অলরাউন্ডার হিসেবে সেঞ্চুরিয়নে আহামরি পারফরম্যান্স না থাকায় শার্দুল ঠাকুরের জায়গায় জোহানেসবার্গের উইকেটে উমেশ যাদবকে খেলানোর দাবি তোলা হয়েছিল কিছু মহল থেকে। তবে কোচ রাহুল দ্রাবিড়-সহ টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল শার্দুলের উপর। এমনকী গতকাল খেলা শেষের কিছু আগে মহম্মদ সিরাজের হ্যামস্ট্রিংয়ে চোট লাগা নিয়ে যখন ভারত চিন্তায় এবং আজও সিরাজ পুরো ফিট না থাকায় চেনা ছন্দে ছিলেন না, সেখানে দক্ষিণ আফ্রিকার ইনিংসে আঘাত হানার জন্য লোকেশ রাহুলকেও শার্দুলে আস্থা দেখাতে হয়। অধিনায়কের আস্থার মর্যাদাও দেন তিনি এবং দারুণভাবেই।

বাঘের সিংহ-বিক্রম

৩৮.৫ ওভারে ৮৮ রানের মাথায় আজ দ্বিতীয় উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারকে ফেরান শার্দুল। বাকি যাঁদের উইকেট তাঁর ঝুলিতে আসে তাঁরা হলেন কিগান পিটারসেন (৬২), রাসি ভ্যান ডার ডুসেন (১), তেম্বা বাভুমা (৫১), কাইল ভেরেইন (২১), মার্কো জানসেন (২১) ও লুঙ্গি এনগিডি (০)। যখনই দক্ষিণ আফ্রিকা বড় পার্টনারশিপ গড়ার দিকে এগোচ্ছে তখনই ব্রেক থ্রু দিয়েছেন শার্দুল। ৩টি মেডেন-সহ ১৭.৫ ওভারে শার্দুল এদিন ৬১ রানে পেলেন ৭ উইকেট।

কেরিয়ারের সেরা

কেরিয়ারের সেরা

প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে ৬ উইকেট। আজ প্রথমবার ইনিংসে সাত উইকেট পেলেন শার্দুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই ভারতীয় কোনও বোলারের সেরা বোলিং ফিগার। এর আগে হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইনিংসে ৭ উইকেট পেয়েছেন। তবে সকলেই সে জন্য বেশি রান খরচ করেছেন।

ঠাকুর যখন সহায়

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে যে টেস্টে হারিয়ে ভারত সিরিজ জিতেছিল সেই টেস্টেও ব্যাটে-বলে দারুণ অবদান ছিল শার্দুল ঠাকুরের। প্রথম ইনিংসে খেলেছিলেন ৬৭ রানের মূল্যবান ইনিংস, যা ভারতকে পৌঁছে দিয়েছিল ৩৩৬ রানে, ১৬৬ রানে ৬ উইকেট পড়ার পর। প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে চারটি উইকেটও নিয়েছিলেন শার্দুল। সেই টেস্টে ৬১ রানে ৪ উইকেট নেওয়াই ছিল টেস্টে এতদিন তাঁর সেরা বোলিং ফিগার। ইংল্যান্ডের ওভালে চতুর্থ টেস্টে ভারত সিরিজে লিড নিয়েছিল। সেই টেস্টে ব্যাট হাতে ৫৭ ও ৬০ রানের ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন। তবে আজকের দিনটি নিশ্চিতভাবেই তিনি মনে রাখবেন আজীবন।

ইতিহাসের দিকে এক ধাপ?

ইতিহাসের দিকে এক ধাপ?

দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট পড়েছিল ১৭৯ রানে। তবে ভারতের রান তারা টপকে যায় কেশব মহারাজ ও মার্কো জানসেনের জুটিতে ভর করে। মহারাজ ও জানসেন দুজনেই ২১ রান করেন। কিগান পিটারসেন ৬২ ও তেম্বা বাভুমা ৫১ রান করেন, বাকিরা উল্লেখযোগ্য রান পাননি। মহম্মদ শামি দুটি ও জসপ্রীত বুমরাহ একটি উইকেট পান। এই টেস্টে ভারতই সুবিধাজনক জায়গায় রয়েছে বলে মনে করেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, সিরাজও চোট সারানোর সময় পাবেন। ফলে দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করবেন। চতুর্থ দিনের উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে সামলানোও সহজ হবে না। দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়নে দুবার দুশোর কমে আউট হয়েছে। আজ কোনওরকমে দুশো পেরিয়েছে। ফলে ২২০-২৩০ রানের টার্গেটও সহজ হবে না এলগারদের কাছে। লর্ড শার্দুলের ছোঁয়ায় ব্রিসবেনের পর এবার জোহানেসবার্গেও তাই ভারতের টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়া অসম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+