বিসিসিআই-এর সঙ্গে সম্মুখ সমরে শাহরুখের কেকেআর, সরার হুমকি আইপিএল ৮ থেকে
কলকাতা, ৩০ মার্চ: আইসিসি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে সেমিফাইনালেই হারতে হয়েছে ভারতকে। সে হতাশা তো ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এখনও রয়েছে। তবে এই বিশ্বকাপের হতাশা এবার আইপিএল-এ বিস্ময়ের রূপ নিতে চলেছে।
৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ক্রিকেট উৎসব আইপিএল ৮। কিন্তু এই আইপিএল ঘিরে প্রতিবছরই কোনও না কোনও বিতর্কের সৃষ্টি হয়। এবছরেও তার অন্যথা নেই। গতবছরের আইপিএল জয়ী দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হয়ত সরে আসতে পারে আইপিএল প্রতিযোগিতা থেকে।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের কেকেআর দল এবার সরাসরি সম্মুখ সমরে বিসিসিআই-এ সঙ্গে। বিসিসিআইকে কেকেআর নাকি হুমকিও দিয়েছে তাদের দলের তারকা স্পিনার সুনীল নারিনকে ক্লিনচিট না দিলে লিগ থেকে নিজেদের সরিয়ে নেবে কেকেআর।
একই ইস্যুতে বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ফর ইন্ডিয়া বা বিসিসিআই-কে আদালতে টেনে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় সুনীল নারিনকে ২০১৪ সালের চ্যাম্পিয়ন লিগে তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি আইসিসি-র ক্লিনচিট মিলেছে নারিনের ক্ষেত্রে। তবু বিসিসিআই আইপিএল ৮ এ খেলার আগে চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে নারিনকে অন্য এক রাউন্ড পরীক্ষার জন্য চাপ দিচ্ছে।
কেকেআর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আর এক রাউন্ড পরীক্ষার জন্য বিসিসিআই কোনও খেলোয়াড়কে জোর করতে পারে না যেখানে আইসিসি ইতিমধ্যে তাকে ক্লিনচিট দিয়ে দিয়েছে। আইপিএল-এর সূচী অনুয়ায়ী ৮ এপ্রিল ইডেনে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম মুখোমুখি হওয়ার কথা কেকেআর-এর।












Click it and Unblock the Notifications