হট রিজলার বিরাট-বন্দনায় ভাগ বসালেন পাক ক্রিকেটারের ভারতীয় স্ত্রী
শোয়েব মালিক যখন পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামতেন তখন সানিয়া মির্জাকে যে প্রশ্নের মুখে পড়তে হতো, এখন সেই একই অবস্থা হতে পারে সামিয়া আলির। হরিয়ানার মেয়ে সামিয়াকে ২০১৯ সালে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি। সেই সামিয়ার ইনস্টাগ্রাম পোস্টই তার মূল কারণ।

সামিয়ার বিরাট-অনুরাগ
ইনস্টাগ্রামে সামিয়া কার কী প্রশ্ন রয়েছে জানতে চাইলে একজন লেখেন আপনার কাছে সেরা বোলার তো হাসান আলিই। কিন্তু পছন্দের ব্যাটসম্যান কে? প্রশ্নকর্তাকে খানিকটা অবাক করেই সামিয়া নির্দ্বিধায় উত্তর দিয়েছেন বিরাট কোহলি। সেই ইনস্টাগ্রামের কথোপকথনই এখন ভাইরাল হয়ে গিয়েছিল।

রিজলার পর
এর আগে জনপ্রিয় পাকিস্তান ফ্যান নামে পরিচিত ইন্টারনেট সেনসেশন রিজলা রেহান একটি সাক্ষাতকারে বলেছিলেন, মুঝে বিরাট দে দো! অর্থাৎ আমি বিরাটকে চাই। সেই রিজলার বিরাট-বন্দনায় এবার ভাগ বসালেন পাকিস্তান ক্রিকেটারের স্ত্রী সামিয়াও। নিজেকে বিরাট-ভক্ত বলে জানিয়ে দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

অস্বাভাবিক নয়
সামিয়ার অবশ্য বিরাট-ভক্তিতে অস্বাভাবিক কোনও ব্যাপার নেই। তাঁর জন্ম হরিয়ানার নুহ জেলার চান্দেনি গ্রামে। বাড়ি রয়েছে ফরিদাবাদে। সেখানকারই মানব রচনা বিশ্ববিদ্যালয় থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক করে সামিয়া কর্মরত ছিলেন দুবাইয়ে এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইট এঞ্জিনিয়ার পদে। ২০১৯-এ হাসান আলির সঙ্গে বিয়ের বছর খানেক আগে দুজনের আলাপ। তার থেকেই বন্ধুত্ব, প্রেমপর্ব কাটিয়ে পরিণয়।

হাসানের আগে
জাহির আব্বাস, মহসিন খান ও শোয়েব মালিকের পর পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে ভারতীয়কে বিয়ে করেন হাসান। ফলে ভারতে বেড়ে ওঠা সামিয়ার যে বিরাট-ভক্তি থাকবে তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তানের সঙ্গে ভারতের যা সম্পর্ক তাতে এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। তবে টি ২০ বিশ্বকাপে দুই দেশ মুখোমুখি সামিয়ার সমর্থন কোন দিকে থাকবে তা নিয়ে চর্চা চলছে।
ছবি- ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications