SA vs IND: সেঞ্চুরিয়নের সেঞ্চুরিয়ন তিলক, অভিষেকের হাফ সেঞ্চুরি! ভারত ২২০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকাকে
SA vs IND: সেঞ্চুরিয়নের সেঞ্চুরিয়ন তিলক বর্মা (Tilak Varma)। টি২০ আন্তর্জাতিক তথা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এদিনই প্রথম শতরান হাঁকালেন হায়দরাবাদের ব্যাটার।
ভারতীয় ইনিংসে এদিন তারুণ্যেরই জয়গান। তিলকের শতরানের পাশাপাশি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন তিলক বর্মা। সুপারস্পোর্ট পার্কে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকাকে ২২০ রানের টার্গেট দিল ভারত।

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন সঞ্জু স্যামসন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন অভিষেক শর্মা ও তিলক বর্মা।
অভিষেক প্রথম দুটি ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ফলে চাপ বাড়ছিল। এদিন তিনি তিনটি চার ও ৫টি ছয়ের সাহায্যে ২৫ বলে ৫০ রান করেন। ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। পরের বলেই স্টাম্প আউট হয়ে কেশব মহারাজের শিকার হন।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৭০। ৪.৩ ওভারে ৫০, ৮.১ ওভারে ১০০, ১৪.৫ ওভারে দেড়শো ও ১৮.৩ ওভারে ২০০ রান পূর্ণ করে ভারত। তিলক বর্মা ৫০ রানে পৌঁছেছিলেন ৩২ বলে। তারপর আরও মারমুখী হয়ে ওঠেন।
গত বছর হাংঝৌ এশিয়ান গেমসে তিলক বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে অপরাজিত ছিলেন ৫৫ রান। আজ সেই রান টপকে যেতে বেশি সময় লাগেনি। এরপর আগ্রাসী ব্যাটিং চালিয়ে পেয়ে গেলেন টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান।
২২ বছরের তিলক আজ ১৯তম টি২০ আন্তর্জাতিকে ১৮তম ইনিংসে সেঞ্চুরি পেলেন। ভারতের হয়ে চারটি ওডিআইয়ে তাঁর ১টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে তাঁর কেরিয়ারের সেরা স্কোর ছিল অপরাজিত ৮৪। টি২০ কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় শতরান।
৫১ বলে শতরান পূর্ণ করেন তিলক। আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে। লুথো সিমপালার বলে চার মেরে ৯৬ থেকে ১০০-তে পৌঁছলেন। সূর্যকুমার যাদব ৪ বলে ১, হার্দিক পাণ্ডিয়া ১৬ বলে ১৮ এবং রিঙ্কু সিং ১৩ বলে ৮ রান করেন।
অভিষেক ম্যাচে ৫ বলে ১৪ রান করে ঝুঁকিপূর্ণ রান নিয়ে গিয়ে রান আউট হন রামনদীপ সিং, তিনি ১টি করে চার ও ছয় মেরেছেন। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান তুলল। ৮টি চার ও সাতটি ছয়ের সাহায্যে তিনে নামা তিলক ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন। ১ বলে ১ রানে নট আউট থাকেন অক্ষর প্যাটল।
কেশব মহারাজ ৪ ওভারে ৩৬ রান খরচ করে নিলেন ২ উইকেট। আন্ডিল সিমেলেন ২টি উইকেট পান ৩ ওভারে ৩৪ রান খরচ করে। মার্কো জানসেন ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট পেলেন। জেরাল্ড কোয়েটজি ৩ ওভারে ৫১, সিমপালা ৪ ওভারে ৪৫ ও মার্করাম ২ ওভারে ১৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications