SA vs IND: অভিষেকে অর্ধশতরান সুদর্শনের, হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়সও, জো'বার্গ ODI জয় ভারতের
SA vs IND: জোহানেসবার্গে টি২০ আন্তর্জাতিকের পর আজ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটিতে সহজ জয় পেল ভারত। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন মেন ইন ব্লু-র কাছে ৮ উইকেটে পরাস্ত এইডেন মার্করামের প্রোটিয়া-বাহিনী।
টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে বেঁধে ফেলে ভারত। তারপর ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নামেই ৫০ ওভারের খেলা, তবে ফয়সালা হতে দুই ইনিংস মিলিয়েও ৫০ ওভার লাগল না!

ওয়ান্ডারার্সে ভারত এদিন জয় ছিনিয়ে নিল ২০০ বল বাকি থাকতেই। ১১৭ রানের লক্ষ্যে পৌঁছতে লাগল ১৬.৪ ওভার। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে ১১৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আট নম্বরে নামা আন্ডিল ফেহলাকওয়াইও তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৯ বলে সর্বাধিক ৩৩ রান করেন।
রিজা হেন্ডরিকস ০, টোনি ডি জোর্জি ২৮, রাসি ভ্যান ডার ডুসেন ০, এইডেন মার্করাম ১২, হেইনরিখ ক্লাসেন ৬, ডেভিড মিলার ২, উইয়ান মুল্ডার ০, কেশহ মহারাজ ৪ ও নান্দ্রে বার্গার ৭ রান করেন। ডুসেন ও মুল্ডার ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে। ১১ রানে অপরাজিত থাকেন তাবরেজ শামসি।
১১৬ রানের মধ্যে ১৩ রান অতিরিক্ত, তার মধ্যে বাই ১টি, লেগ বাই থেকে ২ রান আসে, ওয়াইড বল হয়েছে ১০টি। ১০ ওভারে ৩৭ রান খরচ করে পাঁচ উইকেট নেন অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইয়ে এটিই কোনও ভারতীয় পেসারের সেরা পারফরম্যান্স। আবেশ খাব ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন। কুলদীপ যাদব পান ১টি উইকেট।
ভারতের হয়ে আজই আন্তর্জাতিক অভিষেক হলো বি সাই সুদর্শনের। গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলা তামিলনাড়ুর এই ক্রিকেটারের লিস্ট এ-তে ৬টি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ব্য়াটিং গড় ৬০.৪২। আজ অভিষেক ম্যাচে তিনি ওপেন করতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন।
একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেই অপরাজিত অর্ধশতরান এসেছে সুদর্শনের ব্যাট থেকে। ৯টি চারের সাহায্যে ৪৩ বলে ৫৫ রান করে তিনি অপরাজিত থাকেন। ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। শ্রেয়স আইয়ার তিনে নেমে ৪৫ বলে ৫২ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ১টি ছয়। শ্রেয়স ১৮তম অর্ধশতরানটি পূর্ণ করেন ৪৪ বলে।
ঋতুরাজ গায়কোয়াড় ১০ বলে ৫ রান করে লেগ বিফোর হন। আম্পায়ার রিচার্ড কেটলবরো প্রথমে আউট দেননি। রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। রিপ্লেতে দেখা যায় বল উইকেটে গিয়ে লাগছে। ফলে কেটলবরো সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। তিলক বর্মা ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন।
উইয়ান মুল্ডার ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। এক ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট ফেহলাকওয়াইওর। ম্যাচের সেরার পুরস্কারটি পেলেন অর্শদীপ সিং। শ্রেয়স পরের ম্যাচ থেকে খেলবেন না, যোগ দেবেন টেস্ট সিরিজের প্রস্তুতিতে। গেবেখা (পূর্বতন পোর্ট এলিজাবেথ)-এ দ্বিতীয় ওডিআই মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে।












Click it and Unblock the Notifications