SA vs IND: ব্যাটিং বিপর্যয় সামলালেন হার্দিক, দক্ষিণ আফ্রিকাকে ১২৫ রানের টার্গেট দিল ভারত
SA vs IND: গকেবেরহায় দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১২৫ রানের টার্গেট দিল ভারত। ভারতীয় দল উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মজবুত হয়েছে রিজা হেন্ডরিকস ফেরায়।
আজ অবশ্য প্রথম ওভার থেকে চাপে ছিল ভারত। টপ অর্ডার ব্যর্থ। পরিস্থিতি সামাল দিল মিডল অর্ডার। শেষ অবধি ক্রিজে থেকে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন হার্দিক পাণ্ডিয়া।

হাল্কা বৃষ্টির মধ্যেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। যদিও ভারত যখন ব্যাট করতে নামে তখন রোদ ভালোই ছিল। ভারত পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যেই তিন উইকেট হারায়।
প্রথম ওভারের তৃতীয় বলে লেগ সাইডে সরে কিছুটা জায়গা করে বড় শট নিতে গিয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে যান। শূন্য রানেই প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অপর ওপেনার অভিষেক শর্মা সাজঘরে ফেরেন।
জেরাল্ড কোয়েটজির ওভারের তৃতীয় বলে কট বিহাইন্ড থেকে বাঁচেন রিভিউ নিয়ে। আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন। তৃতীয় আম্পায়ারের নির্দেশে পরে সিদ্ধান্ত বদলান। যদিও ঠিক ২ বল পরই আউট হন অভিষেক (৫ বলে ৪)। ১.৫ ওভারে ৫ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ে।
অধিনায়ক সূর্যকুমার যাদব ৯ বলে ৪ রান করে আন্ডিল সিমেলেনের বলে লেগ বিফোর হন। ভারতের স্কোর দাঁড়ায় ৪ ওভারে ১৫। অষ্টম ওভারের শেষ বলে তিলক বর্মা আউট হন ব্যক্তিগত ২০ বলে ২০ রানে (একটি করে চার ও ছয় মেরেছেন)। মার্করামের বলে এক হাতে দুরন্ত ক্যাচ তালুবন্দি করেন কভারে দাঁড়ানো ডেভিড মিলার।
৪৫ রানে ৪ উইকেট পড়ার পর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল। ১১.৫ ওভারে রান আউট হন অক্ষর। চারটি চারের সাহায্যে তিনি ২১ বলে ২৭ রান করেন। ভারতের পঞ্চম উইকেটটি পড়ে ৭০ রানে। ১৫.২ ওভারে ৮৭ রানের মাথায় পড়ে ষষ্ঠ উইকেট।
রিঙ্কু সিং নকুয়াবা পিটারের বলে কোয়েটজির হাতে ক্যাচ দেন ১১ বলে ৯ রান করে। ভারত ২০ ওভারে তুলল ৬ উইকেটে ১২৪ রান। ছয়ে নেমে হার্দিক চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকলেন। ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং।
মার্কো জানসেনের প্রথম ওভারটিই ছিল উইকেট-মেডেন। তিনি শেষ ওভারে দেন ৬ রান। ১টি মেডেন-সহ ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে ১ উইকেট। জেরাল্ড কোয়েটজি ৪ ওভারে ২৫ রান খরচ করে নিলেন ১ উইকেট। আন্ডিল সিমেলেন ৩ ওভারে ২০, এইডেন মার্করাম ১ ওভারে ৪ ও নকুয়াবা পিটার ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন।












Click it and Unblock the Notifications