অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে চেনা ছন্দে রোহিত, শিবাজি পার্কে অনুশীলন অভিষেকের তত্ত্বাবধানে
ভারতের একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব হারিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে ওডিআই খেলতে হবে সাধারণ ব্যাটার হিসেবে।
হিটম্যানের বয়স এখন ৩৮। ৪০ বছর বয়সে ২০২৭ সালে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে চর্চার মধ্যেই আজ মুম্বইয়ের শিবাজি পার্কে চুটিয়ে অনুশীলন করলেন রোহিত।

১৯ অক্টোবর পারথে শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ। ভারতীয় দলের অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা ১৫ অক্টোবর। তার আগে অনুশীলনে নেমে পড়লেন রোহিত। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে চলল রোহিতের অনুশীলন।
রোহিতকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। তাঁদের দিকে হাত নাড়তেও দেখা গিয়েছে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ককে। অভিষেকের গাইডেন্সে নিজেকে ক্ষুরধার করতে থাকা মুম্বই তথা কেকেআরের অঙ্গকৃষ রঘুবংশীকেও দেখা গেল রোহিতের অনুশীলনের সময়। রোহিতের স্ত্রী রীতিকাও হাজির ছিলেন। ঘণ্টা দুয়েক চুটিয়ে প্র্যাকটিস সারলেন হিটম্যান।
আজ রোহিত প্রথমে বেশ কিছুক্ষণ সামলালেন পেসারদের। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুল এবং কাট শট মারলেন। ইনসাইড-আউট ড্রাইভও মারেন। স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় সুইপ এবং স্লগ সুইপ মারতে দেখা গেল রোহিতকে। ফলে বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে সাফল্য পেতে তিনি মুখিয়ে রয়েছেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না। জানা যাচ্ছে, রোহিত ইতিমধ্যেই ৮ কেজি ওজন ঝরিয়েছেন। ফলে তাঁকে আরও বেশি ফিট লাগছে।












Click it and Unblock the Notifications