বিরাটের শততম টেস্টের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত, নতুন অধ্যায়ের শুরুতে ভারতের প্রথম একাদশে কারা?
মোহালিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। এই টেস্ট যেমন বিরাট কোহলির শততম টেস্ট, তেমনই টেস্টে এই প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক সন্ধিক্ষণের আগে রোহিত শর্মা বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ। জানিয়ে দিলেন তাঁদের পরিকল্পনার কথাও।

বিরাট সন্ধিক্ষণ
রোহিত বিরাটের শততম টেস্ট প্রসঙ্গে বলেছেন, এক লম্বা যাত্রাপথ পেরিয়ে কোহলি আজ এই জায়গায় এসে পৌঁছেছেন, যে সফর নিঃসন্দেহে অসাধারণ। বিশেষ করে টেস্ট ফরম্যাটে বিরাট অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। অনেক কিছু বদলও করেছেন। যে সাফল্যের পথ পেরিয়ে বিরাট শততম টেস্ট খেলছেন, তেমনই সাফল্য ও ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে আত্মবিশ্বাসী রোহিত। হিটম্যানের মতে, টেস্টে তাঁর দেখা বিরাটের সেরা সিরিজ ছিল ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ। চ্যালেঞ্জিং উইকেটে অসাধারণ শতরান হাঁকিয়েছিলেন। রোহিতের মনে এই ইনিংস গেঁথে থাকবে আজীবন। আপাতত কোহলির শততম টেস্ট জিতে ভারতীয় দল তাঁকে সেরা উপহার দিতে মুখিয়ে রয়েছে। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলে বিরাট-নজির স্মরণীয় করে রাখতে চায় গোটা দল।

কোহলির প্রশংসায় রোহিত
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। টেস্টে ভারতীয় দল যে উচ্চতায় পৌঁছেছে সেই কৃতিত্বের পিছনে ক্যাপ্টেন কোহলির অবদানের কথাও উল্লেখ করেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক। সাদা বলের ক্রিকেটের পর এবার লাল বলের ক্রিকেটে দেশকে প্রথমবার নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এই প্রসঙ্গে তিনি বলেন, সঠিক ক্রিকেটারদের দলে নিয়ে পরিকল্পনামাফিক খেলে জেতার লক্ষ্যেই এগোচ্ছি। টেস্ট দল হিসেবে আমরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছি। এর কৃতিত্ব বিরাটের। আমি তাঁর হাত থেকে ব্য়াটন পেয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখায় জোর দিচ্ছি। আমাদের ভুল ত্রুটি শুধরে আরও উন্নত দল হয়ে ওঠাই আমাদের লক্ষ্য। এটা আলাদা ফরম্যাট হতে পারে, কিন্তু অধিনায়ক হিসেবে আমার দর্শন একই থাকবে।

নতুনদের সুযোগ
চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মারা নেই। ফলে ভারতের প্রথম একাদশে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন অনেকেই। মনে করা হচ্ছে, প্রথম একাদশে খেলানো হতে পারে উইকেটকিপার-ব্যাটার কেএস ভরতকেও। তাঁর সঙ্গে অনুশীলনে আলাদাভাবে কথা বলতে দেখা গিয়েছে রাহুল দ্রাবিড়কে। ফিল্ডিং অনুশীলনেও কিপার ভরতের পাশে স্লিপ ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বিরাট, রোহিতদের। রোহিত বলেন, যখনই দলে কোনও পরিবর্তন হয়, নতুনরা সুযোগ পান। দুই গ্রেট ক্রিকেটারের বিকল্প হয়ে উঠতে হবে। যাঁরা এই পজিশনগুলিতে খেলবেন তাঁরা এর আগেও নিজেদের ভালোভাবেই মেলে ধরেছেন। মনে করা হচ্ছে, শুভমান গিল বা হনুমা বিহারীকে দেখা যেতে পারে প্রথম একাদশে।

জয় চাই
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য সব কটি টেস্টেই ভারত জেতার চেষ্টা যে করবে তা স্পষ্ট করে দিয়েছেন রোহিত। অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গায় নতুনরা কতটা সফল হতে পারেন তার উপর নির্ভর করবে অনেক কিছুই। কে ওপেন করবেন, কে প্রথম একাদশে থাকবেন তা এদিন না জানালেও রোহিত বলেন, হনুমা বিহারী, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার প্রত্যেকেই আমাদের সাপোর্ট পাবেন। বিদেশে আমাদের টেস্ট জয়ে রাহানে, পূজারার অবদান ছিল। কালকের ম্যাচে কারা খেলবেন তা এখনই বলতে পারছি না। যে-ই আসবেন তাঁকেই বড় দায়িত্ব পালন করতে হবে। রাহানে ও পূজারার জন্য টেস্ট দলের দরজা যে বন্ধ হয়ে যায়নি সেই ইঙ্গিতও মিলেছে রোহিতের কথায়।

স্পিনারের সংখ্যা বাড়াবে ভারত
মোহালিতে বরাবর যেমন পিচ হয় এবারও তেমনটাই রয়েছে বলে জানিয়েছেন রোহিত। কিছুটা শুষ্কভাব রয়েছে। টিপিক্যাল ইন্ডিয়ান পিচ, বলও ঘুরবে। রোহিতের এই কথা থেকেই মনে করা হচ্ছে, ভারত স্পিনারের সংখ্যা বাড়িয়েই নামবে। রোহিত বলেন, আমি যে এতদিনে ৪০টি টেস্ট খেলেছি তাতে কোনও খেদ নেই। আমার কেরিয়ারে উত্থান-পতন ছিল, চোট সমস্যা ছিল। অনেক কিছু শিখেছি। আমি নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করিনি, আমার টার্গেট সবটাই দলের জন্য। প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সের দিকেই নজর থাকবে ক্যাপ্টেন রোহিতের।
'I never thought i'll play 100 Test matches. It has been a long journey. Grateful that i've been able to make it to 100' - @imVkohli on his landmark Test.
— BCCI (@BCCI) March 3, 2022
Full interview coming up on https://t.co/Z3MPyesSeZ. Stay tuned! #VK100 pic.twitter.com/SFehIolPwb












Click it and Unblock the Notifications