Rohit Sharma: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই রোহিত! নেতৃত্বে রাহুল, সহ অধিনায়ক পূজারা
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করতে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। যদিও এই সিরিজেও পূর্ণশক্তির দল নামানো সম্ভব হচ্ছে না। প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। ভারতকে এই টেস্টে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সহ অধিনায়ক করা হয়েছে চেতেশ্বর পূজারাকে।

ছিটকে গেলেন রোহিত
বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতি মারফত জানিয়েছেন, রোহিত শর্মা মুম্বইয়ে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক চলাকালীন তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চোট সারাতে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সেই কারণে রোহিত প্রথম টেস্টে খেলতে পারবেন না। দ্বিতীয় টেস্টেও তিনি খেলতে পারবেন কিনা তা পরে খতিয়ে দেখে জানাবে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। প্রত্যাশামতোই রোহিতের পরিবর্ত হিসেবে বাংলা তথা ভারতীয় এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে দলে নেওয়া হয়েছে।

চোট সমস্যায় ভারত
মহম্মদ শামির কাঁধে এবং রবীন্দ্র জাদেজার হাঁটুতে চোট রয়েছে। তাঁরাও ফিট না হওয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। শামির পরিবর্ত হিসেবে নভদীপ সাইনি এবং জাদেজার পরিবর্ত হিসেবে সৌরভ কুমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। একইসঙ্গে ভারতের টেস্ট দলের পেস বোলিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটকে। ১২ বছর আগে দেশের হয়ে তিনি একমাত্র টেস্টটি খেলেছিলেন।

অপশনাল নেট প্র্যাকটিস
আজ চট্টগ্রামে ভারতীয় দলের অপশনাল নেট প্র্যাকটিস ছিল। লোকেশ রাহুল, বিরাট কোহলি-সহ যাঁরা গতকাল তৃতীয় একদিনের আন্তর্জাতিক খেলেছেন তাঁদের আজ বিশ্রাম দেওয়া হয়েছিল। আজ বিরাট কোহলির বিবাহবার্ষিকীও। অভিমন্যু, সৌরভ, উমেশ যাদবের সঙ্গে অনুশীলনে হাজির ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুভমান গিলই সম্ভবত ওপেন করতে নামবেন। এদিন তিনি নেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন।

পূজারার বাড়তি দায়িত্ব
অনুশীলনের ফাঁকে আলাদা করে চেতেশ্বর পূজারার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা গিয়েছে হেড কোচ রাহুল দ্রাবিড়কে। বাংলাদেশে স্পিনারদের সামলানো কিংবা জোরে বোলারদের বিরুদ্ধে ডিফেন্স কীভাবে মজবুত করা যায় সেসব নিয়েই পূজারাকে মূল্যবান টিপস দেন দ্রাবিড়।
ভারতের প্রথম টেস্টের দল- লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, নভদীপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।












Click it and Unblock the Notifications