অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে শিলিগুড়ির রিচা, শেফালি-রাধাকে নিল সিডনি সিক্সার্স
অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজে পরাস্ত হলেও যেভাবে ডাউন আন্ডার সিরিজে মিতালি রাজ লড়াই চালিয়েছে এবং শেষ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে তাতে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে উৎসাহও বাড়ছে। যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের বিগ ব্যাশ লিগের ক্ষেত্রেও। ইতিমধ্যেই বাংলা থেকে ভারতীয় দলে জায়গা পাকা করে নেওয়া দীপ্তি শর্মা ও রিচা ঘোষ-সহ পাঁচ ক্রিকেটার বিগ ব্যাশের দল পেলেন।

স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মাকে দলে নেওয়ার কথা রবিবারই ঘোষণা করেছিল গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডার। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলার রিচা ঘোষ। শিলিগুড়ির রিচা উইকেটকিপার হিসেবে ভরসা তো দিচ্ছেনই, ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালন করছেন। অস্ট্রেলিয়াতেও তার ব্যতিক্রম হয়নি। গতকাল ঝুলন গোস্বামীর বলেও দুরন্ত ক্যাচ তালুবন্দি করেছেন রিচা। এবার পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি বিগ ব্যাশে দল পেলেন।
That was an outstanding catch behind the wicket by @13richaghosh🙌🏾 #TeamIndia pic.twitter.com/KxxaHGjHg4
— BCCI Women (@BCCIWomen) September 26, 2021
আজ সিডনি সিক্সার্সও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, আগামী মাস থেকে শুরু হতে চলা বিগ ব্যাশে এই দলের হয়েই খেলবেন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্পিনার রাধা যাদব। অস্ট্রেলিয়ার দুই তারকা অ্যালিসা হিলি ও এলিস পেরি খেলেন সিডনি সিক্সার্সে। গত দুই মরশুম ধরে মহিলাদের বিগ ব্যাশের ফাইনালে উঠতে পারেনি সিডনি সিক্সার্স। হিলি ও পেরি এই দলের হয়ে এতদিন ওপেন করতেন। ভারতীয় দলে অভিষেকের পর থেকে দুরন্ত ছন্দে থাকা ওপেনার শেফালি ভার্মাই যে হিলি বা পেরি, কোনও একজনের সঙ্গে ওপেন করতে নামবেন সেটা বোঝাই যাচ্ছে।
So the Sydney derby should be fun this year! 😅
— Weber Women's Big Bash League (@WBBL) September 26, 2021
The @SixersBBL have signed Indian talents Shafali Verma and Radha Yadav. Full story: https://t.co/Kg0jiRgag1 #WBBL07 pic.twitter.com/ERmGfyLl4t
ভাগ্য বদলের জন্য দলে বেশ কিছু পরিবর্তন আনার কথা আগেই জানিয়েছিলেন পেরি। ভার্মা দলে আসায় ওপেনিং স্লটে পরিবর্তন হচ্ছেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ঝকঝকে অর্ধশতরান করেছেন শেফালি। সিডনি সিক্সার্সে সুযোগ পেয়ে খুশি শেফালি বলেছেন, আমার কাছে এটা একটা দারুণ সুযোগ। নতুন বন্ধুদের সঙ্গে মিলে বিগ ব্যাশে খেলা উপভোগ করতে চাই নিজের প্রতি বিশ্বাস রেখেই। বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারকেও যে সমৃদ্ধ করবে সে বিষয়েও নিশ্চিত শেফালি। দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের কোচ বেন সওয়ের বিগ ব্যাশেও শেফালিদের কোচ। তিনি শেফালির প্রশংসা করে বলেছেন, শেফালি নির্ভীক ক্রিকেটার। মাঠজুড়ে যেভাবে শট খেলেন তা টপ অর্ডারের বাকি তিনজনের থেকে অনেক আলাদা। শেফালির শেখার আগ্রহ এবং নিজেকে উন্নত করার তাগিদেরও প্রশংসা করেছেন বেন। রাধা যাদব অস্ট্রেলিয়ায় ওয়ান ডে ও টেস্টের ভারতীয় দলে না থাকলেও বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনারও যে সিডনি সিক্সার্সকে সাফল্য এনে দিতে পারেন সে বিষয়েও আশাবাদী তিনি। মিডল অর্ডারে রাধার ব্যাটিংও খুব কার্যকরী হতে চলেছে।












Click it and Unblock the Notifications