IPL 2021: আইপিএলে শেষ চারের দৌড় জমজমাট! কারা প্লে অফে উঠতে কীভাবে করতে পারে বাজিমাত?
আর ঠিক এক সপ্তাহের অপেক্ষা। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০২১-এর দ্বিতীয় লেগ। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, আবু ধাবি ও শারজাতে হবে খেলাগুলি। আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে শেষে ল্যাপে বাজিমাত করে শেষ চারে পৌঁছে যেতে পারে নীচের দিকে থাকা দলগুলিও। কীভাবে? সেদিকেই নজর রাখা যাক। টি ২০ বিশ্বকাপের আগে সব ক্রিকেটারই নিজেদের সেরাটা দিতে চাইবেন, বিশেষ করে প্রথম একাদশে জায়গা পাওয়ার লক্ষ্যে। প্রথমার্ধের তুলনায় বেশিরভাগ দল নিজেদের শক্তিও বাড়িয়ে নিয়েছে। তবে শেষ চারে ওঠার দৌড়ে সবচেয়ে অস্বস্তিতে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে সুবিধাজনক জায়গায়।

দিল্লি ক্যাপিটালস
আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস আটটি করে ম্যাচ খেলেছে। বাকিরা সাতটি করে। আইপিএল স্থগিত হওয়ার সময় অবধি ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখন যা পরিস্থিতি তাতে ৬টি ম্যাচের ২টিতে জিতলেই শেষ চারে ওঠা নিশ্চিত হয়ে যাবে দিল্লির। যদিও তার চেয়ে অনেক বেশি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার উপর দিকেই থাকতে চাইবেন পন্থরা। শ্রেয়স আইয়ার চলে আসায় দলের শক্তিও বেড়েছে। পাঞ্জাব কিংস বাদে বাকি ছয়টি দলের সঙ্গে খেলা বাকি দিল্লির।

চেন্নাই সুপার কিংস
আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। বাকি সাতটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনির দলের। গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস প্লে অফে উঠতে পারেনি। এবার জিতলে ধোনিরা রেকর্ড ১১ বার আইপিএল প্লে অফ খেলবেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও আইপিএল খেতাব জিততে পারেনি। এবার টি ২০ বিশ্বকাপের আগে সেই খরা মেটাতে বদ্ধপরিকর ভারত অধিনায়ক। সাত ম্যাচে আরসিবি-র পয়েন্টও ১০। বিরাট কোহলিদের অন্তত চারটি জয় দরকারই, সাতটির মধ্যে পাঁচটিতে জিতলে প্রথম দিকেই থাকতে পারবে আরসিবি।

মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। এবারের শুরুটা ভালো না হলেও পরের দিকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। প্লে অফে উঠতে হলে সাতটি ম্যাচে চারটিতে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

রাজস্থান রয়্যালস
পয়েন্ট তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক পরেই পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। সাত ম্যাচে সঞ্জু স্যামসনের দলের সংগ্রহে ৬ পয়েন্ট। ফলে শেষ চারে ওঠা নিশ্চিত করতে রাজস্থান রয়্যালসকেও অন্তত চারটি ম্যাচে জিততেই হবে। তবে বিদেশি সমস্যা মেটায় রাজস্থান অনেকটা আত্মবিশ্বাস নিয়েই আইপিএলের দ্বিতীয় লেগ শুরু করতে পারবে। প্লে অফের দৌড়ে খুব বেশি পিছিয়ে না থাকলেও দ্রুত প্রথম চারে চলে আসতে চাইবে রাজস্থান রয়্যালস।

পাঞ্জাব কিংস
আইপিএলে ভাগ্য বদলের লক্ষ্যে দলের নামও বদলেছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে হয়েছে পাঞ্জাব কিংস। তাদের স্বস্তিতে রাখতে পারে অধিনায়ক লোকেশ রাহুলের ফর্মে ফেরা। যদিও পয়েন্ট তালিকায় আট ম্যাচে তাদের সংগ্রহে ছয় পয়েন্ট। রয়েছে ষষ্ঠ স্থানে। দিল্লি ক্যাপিটালস বাদে বাকি সব দলের বিরুদ্ধে তাদের খেলা রয়েছে। শেষ চারে জায়গা নিশ্চিত করতে বাকি ছটি ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংসকে পাঁচটিতে জিততেই হবে।

কলকাতা নাইট রাইডার্স
সাত ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। বাকি সাত ম্যাচের অন্তত পাঁচটিতে জিতলে শেষ চারে পৌঁছাতে পারে কেকেআর।

সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএলের পয়েন্ট তালিকার একেবারে নীচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের প্রথমার্ধে অধিনায়কত্বও বদলেছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। উপর্যুপরি ব্যর্থতার জেরে ডেভিড ওয়ার্নারের হাত থেকে অধিনায়কত্বের ব্য়াটন গিয়েছে কেন উইলিয়ামসনের হাতে। যদিও সাত ম্যাচে মাত্র একটিতে জিতে থাকায় প্লে অফে ওঠার লড়াই সবচেয়ে কঠিন সানরাইজার্সের। বাকি সাত ম্যাচে ছটিতে জিততেই হবে শেষ চারে জায়গা নিশ্চিত করতে গেলে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications