PAK vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, বাবর-রিজওয়ান চূড়ান্ত ব্যর্থ, ২ ক্রিকেটারের চোট
PAK vs NZ: পাকিস্তান আছে পাকিস্তানেই। সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার পর আবারও রদবদলের পরিকল্পনা করছেন পাক নির্বাচকরা।
তারই মধ্যে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা মহম্মদ রিজওয়ানের দলের দুশ্চিন্তা বাড়াল।

লাহোরের গদ্দাফি স্টেডিয়াম সংস্কারের পর জনসমক্ষে আনার জন্য জাঁকজমক বন্দোবস্ত ছিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর টার্গেটও বেঁধে দিয়েছেন। কিন্তু পাকিস্তান সেই গদ্দাফি স্টেডিয়ামে পুরো ৫০ ওভারও খেলতে পারল না।
টস জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমেছিল। প্রথম ওভারেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে। ছয়ে নেমে ৬টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৭৪ বলে ১০৬ করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।
ড্যারিল মিচেল ৮৪ বলে ৮১, কেন উইলিয়ামসন ৮৯ বলে ৫৮, মাইকেল ব্রেসওয়েল ২৩ বলে ৩১ রাচিন রবীন্দ্র ১৯ বলে ২৫ রান করেন। শাহিন শাহ আফ্রিদি তিন উইকেট নিলেও ১০ ওভারে ৮৮ রান দেন। নাসিম শাহ ১০ ওভারে ৭০, খুশদিল শাহ ৯ ওভারে ৬৬ রান খরচ করে উইকেট পাননি। আব্রার আহমেদ ২টি ও হ্যারিস রউফ নেন ১ উইকেট।
জবাবে খেলতে নেমে ৪৭.৫ ওভারে ২৫২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ওপেনার ফখর জামান ৬৯ বলে সর্বাধিক ৮৪ করেন। সলমন আঘা ৪০ ও তৈয়াব তাহির করেন ৩০। বাবর আজম ওপেন করতে নেমে ২৩ বলে ১০ রানের বেশি করতে পারেননি। রিজওয়ান করেন ৩। ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। মাইকেল ব্রেসওয়েল ২টি ও গ্লেন ফিলিপস ১টি উইকেট পান।
এদিকে, ফিল্ডিংয়ের সময় নৈশালোকে বল ঠিকভাবে দেখতে না পেয়ে কপালে চোট পান রবীন্দ্র। তার আগে পাকিস্তানের হ্যারিস রউফ নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বল করার পর মাঠ ছাড়েন লো গ্রেড সাইড স্ট্রেইনের সমস্যা নিয়ে। ফলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হলো সংশয়। নিউজিল্যান্ড আজ ৭৮ রানে জিতল। সোমবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা।












Click it and Unblock the Notifications