ইংল্যান্ড-বধে সেরা ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের নয়নের মণি, কিউয়ি ওপেনারের উত্তরণ কীভাবে জানেন?
আবু ধাবির রাত নিউজিল্যান্ডের নতুন তারার জন্ম দিল। ড্যারিল মিচেলের বিধ্বংসী ইনিংস, ডেভন কনওয়ে ও জিমি নিশামের যোগ্য সঙ্গত আশ্বস্ত করল ভোরের নিউজিল্যান্ডকে। এই প্রথমবার টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলবে কিউয়িরা। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে উঠেও কাপ অধরা থেকে গিয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয় সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিলেও লর্ডসে বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারির সংখ্যার নিরিখে পরাজয়ের ক্ষত নিউজিল্যান্ড মিটিয়ে বৃত্ত সম্পন্ন করল আবু ধাবিতে। তাও আবার এমন দিনে গত বছর ঠিক যেদিন ইংল্যান্ডের কাছেই ২-৩ ব্যবধানে টি ২০ সিরিজ ঘরের মাঠে হেরেছিল কিউয়িরা, শেষ ম্যাচে সুপার ওভারে পরাস্ত হওয়ায়।
|
রেকর্ড গড়ে জয়
টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শেষ চার ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৫৭ রান। ড্যারিল মিচেলের বিস্ফোরক ইনিংসে সেই লক্ষ্যে কিউয়িরা পৌঁছে যায় এক ওভার বাকি থাকতেই। টি ২০ আন্তর্জাতিকে এটি একটি রেকর্ড। এর আগে, ২০১০ সালে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এবং চলতি বছর স্কটল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ে শেষ ওভারে ৫৬ রান তুলে জিতেছিল। সেই রেকর্ড এদিন ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আগেও অনেক ম্যাচ খেলায় জানতাম খেলা ভালোই হবে। মিচেল অসাধারণ খেলেছেন। চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন এর আগে খুব বেশি টপ অর্ডারে না খেলা সত্ত্বেও। ছোট ব্যবধান, পিচের চরিত্র, বাউন্ডারির সীমানার ব্যাপ্তি ইত্যাদি নানা বিষয় টি ২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে আমাদের হাতে উইকেট থাকাতে সুবিধা হয়েছে। জিমি নিশাম নেমেই যেভাবে চালিয়ে খেলেছেন তাতে ম্যাচের মোমেন্টাম বদলে গিয়েছে এবং এই আক্রমণাত্মক ব্যাটিংই ফারাক গড়ে দিয়েছে। আজ ম্যাচের পরই ফাইনাল নিয়ে আমরা ফোকাস করব। সকলেই সম্ভাব্য প্রতিপক্ষের ম্যাচগুলি দেখেছি। ফাইনালও ভালো ম্যাচই হবে।

টি ২০ আন্তর্জাতিকে প্রথম হাফ সেঞ্চুরি
আবু ধাবিতেই টি ২০ আন্তর্জাতিকের প্রথম অর্ধশতরান পেলেন। তাতেই গড়লেন ইতিহাস। দেশকে প্রথমবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়ে। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে মিচেল বলেন, শুরুর দিকে চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল। তবে যেভাবে মিডল অর্ডারে ডেভন কনওয়ে ও জিমি নিশাম ব্যাটিং করেছেন সেটা জয় নিশ্চিত করার পক্ষে সহায়ক হয়েছে। আমরা জানতাম একটা বা দুটো বড় ওভার লাগবে। মিচেল নেমেই যেভাবে শুরু থেকে চালিয়ে খেললেন তাতে মাঠের ভিতর ঠিক কী হচ্ছিল তা অনুধাবন করে বলতে পারব না। তবে নিজের দায়িত্ব পালন করে দলকে জেতাতে পেরে তৃপ্তি অনুভব করছি। আমার খেলা দেখার জন্য আমার বৃদ্ধ বাবা বিশ্বের নানা প্রান্তে যান, ফলে তাঁর সামনে দলকে জেতাতে পারাটা বিশেষ তৃপ্তিদায়ক।

খেলোয়াড় পরিবার থেকে উত্থান
ড্যারিল মিচেলের বাবা জন মিচেল নিউজিল্যান্ডের রাগবি ইউনিয়নে খেলতেন এবং কোচিংও করাতেন। ২০১৯ সালে ড্যারিলের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় তিনি ইংল্যান্ড রাগবি ইউনিয়নের ডিফেন্স কোচ ছিলেন। কলিন ডি গ্র্যান্ডহোম চোট পাওয়ায় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন ড্যারিল। নিজের শহর হ্য়ামিলটনের চ্যালেঞ্জিং পিচে কেরিয়ারের প্রথম ইনিংসে ৭৩ রান করার পাশাপাশি বল হাতেও ভরসা জুগিয়েছিলেন। মিডল অর্ডার ব্যাটার সিম বোলিং করেন, ফলে তিনি নিউজিল্যান্ডের টি ২০ দলে সুযোগ পান ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। একদিনের আন্তর্জাতিকে অভিষেক বাংলাদেশের বিরুদ্ধে গত মার্চে। ২১টি টি ২০ আন্তর্জাতিকে ৩৪৫ রান রয়েছে, সর্বাধিক আজকের অপরাজিত ৭২, ৫টি উইকেটও রয়েছে মিচেলের ঝুলিতে। ১২২টি টি ২০ ম্যাচ খেলেছেন ২৫২৭ রান করেছেন, ১০টি অর্ধশতরান করেছেন, সর্বাধিক অপরাজিত ৮৮, টি ২০-তে তাঁর উইকেট সংখ্যা ৫৬। পাঁচটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। চলতি বিশ্বকাপেই তিনি প্রথম ওপেন করলেন টি ২০ আন্তর্জাতিকে। পাকিস্তানের বিরুদ্ধে ২৭, ভারতের বিরুদ্ধে ৪৯, স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৩, নামিবিয়ার বিরুদ্ধে ১৯, আফগানিস্তানের বিরুদ্ধে ১৭ রানে আউট হয়েছিলেন। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে আজ প্রথম ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ইতিহাস গড়লেন।

বিস্ফোরক ব্যাটিং
হাতে থাকা ম্যাচ ইয়ন মর্গ্যানের খোয়াতে হয়েছিল ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালেও। তবে এদিন মর্গ্যানদের হারতে হল দুই অলরাউন্ডারের তাণ্ডবে। ২০১৭ সালে যে জিমি নিশাম অবসর নিতে মনস্থির করেই ফেলেছিলেন সেই তিনিই এদিনের জয়ের অন্যতম কারিগর। ক্রিস জর্ডন ১৭তম ওভারে এসে ২৩ রান দেন, এবারের টি ২০ বিশ্বকাপে এই ওভারেই সবচেয়ে বেশি রান খরচ করল ইংল্যান্ড। আর সেটাই ঘোরাল ম্যাচের মোড়। জিমি নিশাম এই ওভার শুরুর আগে অপরাজিত ছিলেন ১ বলে ১ রান করে। ওভার শেষে তাঁর রান দাঁড়ায় ৭ বলে ২০। অন্যদিকে, ওপেনিংয়ে নামবেন এটা বিশ্বকাপের আগে কল্পনাও করতে পারেননি মিচেল। ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টি ২০-তে ছক্কা মারায় বেশ দক্ষ। টি ২০ কেরিয়ারে ১০৩টি ছক্কা রয়েছে, সেই মিচেল এদিন প্রথম ১০ ওভারে একটির বেশি বাউন্ডারি মারতে পারেননি। ডিউ ফ্যাক্টর সংযুক্ত আরব আমিরশাহীর পিচগুলিতে পরে ব্যাটিং সহজ করে দেয়। কিন্তু আজ শিশিরের প্রভাব ছিলই না। তাই পঞ্চম বোলার লিয়াম লিভিংস্টোনও চার ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে নেন। কিন্তু ক্রিস জর্ডনের ওই ওভারের পর কিউয়িদের আর থামানোর উপায় বের করতে পারেননি আদিল রশিদ, ক্রিস ওকসরা। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে তিন উইকেট পাওয়া ক্রিস ওকস এদিনও ভালো বোলিং করলেও মিচেলের হাতে বেধড়ক ঠ্যাঙানি দীর্ঘদিন মনে রাখবেন।

বিশ্বকাপেই প্রথম ওপেনিংয়ে
জিমি নিশামের সঙ্গে ফিনিশারের ভূমিকাতেই মিচেলকে ব্যবহার করছিল নিউজিল্যান্ড। কলিন ডি গ্র্যান্ডহোম চোটের কারণে ২০২০-২১ মরশুমে দীর্ঘদিন বাইরে থাকায় দলের আস্থা অর্জন করেন অলরাউন্ডার মিচেল। তবে এবারের আইপিএল খেলে দলের সঙ্গে টিম সেইফার্ট দেরিতে যোগ দেওয়াতেই মিচেলকে প্রস্তুতি ম্যাচে ওপেনার হিসেবে খেলাতে শুরু করে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেছিলেন ৩০ বছরের এই অলরাউন্ডার। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ২ রানের বেশি করতে পারেননি। কিন্তু তারপরও কেন উইলিয়ামসন ও কোচ গ্যারি স্টেড ওপেনার হিসেবেই মিচেলের উপর আস্থা রাখেন। তাঁর সাহসী অ্যাপ্রোচই পছন্দ হয় কিউয়ি কোচের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ওপেনার হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি নিশামের সঙ্গে ফিনিশারের ভূমিকাও পালন করে ম্যাচ জেতালেন।












Click it and Unblock the Notifications