নামিবিয়াকে ৫২ রানে হারাল নিউজিল্যান্ড, রবিবারের ম্যাচ আফগানিস্তানের জন্য ডু অর ডাই
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ওঠার দিকে ক্রমেই এগোচ্ছে নিউজিল্যান্ড। আজ শারজায় নামিবিয়াকে হারাল ৫২ রানে। এর সুবাদে কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট হল চার ম্যাচে ৬। আফগানিস্তান চার ম্যাচ শেষে দাঁড়িয়ে চার পয়েন্টে। আজ স্কটল্যান্ডকে হারালে ভারতেরও পয়েন্ট হবে চার ম্যাচে চার। তবে আফগানিস্তানকে রবিবার নিউজিল্যান্ড হারিয়ে দিলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে ভারত ও আফগানিস্তানের।

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। ২১ বলে ৩৯ করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ২৩ বলে ৩৫ করে অপরাজিত থাকেন জিমি নিশাম। কেন উইলিয়ামসন করেন ২৮। নামিবিয়ার হয়ে বার্নার্ড স্কোলটজ, ডেভিড উইসে ও জেরার্ড এরাসমাস একটি করে উইকেট নেন।
New Zealand edge closer to the semis 📈#T20WorldCup | #NZvNAM | https://t.co/Jkn8Z7ProZ pic.twitter.com/lM6BHLrLa2
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রানেই থেমে যায় নামবিয়া। মাইকেল ভ্যান লিঙ্গেন ২৫, জেন গ্রিন ২৩ ও স্টিফেন বার্ড ২১ রান করেন। টিম সাউদি ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নেন ২০ রান খরচ করে। মিচেল স্যান্টনার, জিমি নিশাম ও ইশ সোধি একটি করে উইকেট পান। এই জয়ের সুবাদে নিউজিল্যান্ডের নেট রান রেট পৌঁছে গিয়েছে ১.২৭৭-এ। আফগানিস্তান রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। চারটি ম্যাচ খেলে আফগানদের পয়েন্ট ৪। আফগানিস্তানের নেট রান রেট ১.৪৮১। ফলে আফগানিস্তান শেষ ম্যাচে জিতলেও ভারতকে বাকি দুটি ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। ভারতের নেট রান রেট ০.০৭৩
All wrapped up in Sharjah. #T20WorldCup pic.twitter.com/Mmx4SZ4l6A
— BLACKCAPS (@BLACKCAPS) November 5, 2021
জিমি নিশাম হয়েছেন ম্যাচের সেরা। আফগানিস্তানকে হারালেই নেট রান রেটের অঙ্ক দূরে রেখে সরাসরি শেষ চারে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। আফগানদের কাছে রবিবারের ম্যাচ হয়ে দাঁড়াল ডু অর ডাই। কেন উইলিয়ামসন অবশ্য আফগানিস্তানকে সমীহই করছেন। তাঁর কথায়, চলতি বিশ্বকাপে আফগানিস্তান খুব ভালো খেলছে। দলে বেশ কয়েকজন ম্যাচ উইনারও রয়েছেন। ফলে সেই চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি। জেরার্ড এরাসমাসের নামিবিয়া সুপার টুয়েলভে মাত্র একটি ম্যাচই জিতেছে। ভারতের বিরুদ্ধে যে কঠিন ম্যাচ অপেক্ষা করছে সে ব্যাপারে তিনি নিশ্চিত। তিনি বলেন,১৫-১৬ ওভার অবধি আমরা ভালো বোলিং করলেও ডেথ ওভারে নিউজিল্যান্ডের রান তোলার গতি থামানো যায়নি। এই উইকেটে ১৬০ তোলাও কষ্টসাধ্য ছিল।












Click it and Unblock the Notifications