ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে টেস্ট সিরিজ ড্র রাখল নিউজিল্যান্ড, ফলো অনে বাধ্য হয়েও জয় এসেছে কতবার?
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে সিরিজ অমীমাংসিত রাখতে সক্ষম হলো নিউজিল্যান্ড। ফলো অনে বাধ্য হয়ে এই নিয়ে টেস্টে চারবার কোনও দল জিতল।
২০০১ সালে ইডেন টেস্টের স্মৃতি উস্কে দিল ২০২৩ সালে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ। ইংল্যান্ডের বিরুদ্ধে ফলো অনে বাধ্য হয়েও টেস্ট জিতল নিউজিল্যান্ড। ঐএই নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থবার ঘটল এই ঘটনা। ২০০১ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অনে বাধ্য হয়েও টেস্ট জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। এরপর আজ সেই নজির গড়ল কিউয়িরা।

ওয়েলিংটন টেস্ট জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিততে বেন স্টোকসের ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৮ রান। গতকাল চতুর্থ দিনের শেষে স্কোর ছিল ১১ ওভারে ১ উইকেটে ৪৮। কিন্তু কিউয়িদের শর্ট বলের পরিকল্পনা দারুণভাবে সফল হওয়ায় প্রয়োজনীয় রান তুলতে পারল না ইংল্যান্ড। ৮০ রানে ৫ উইকেট পড়ার পর বেন স্টোকস ও জো রুট ২০১ রান অবধি নিয়ে যান। দলগত ২০১ রানের মাথায় আউট হন স্টোকস, রুট ফেরেন দলের ২০২ রানের মাথায়। শেষ অবধি ৭৪.২ ওভারে ২৫৬ রানে অল আউট হয়ে যায় ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণাধীন দল। রুট ৯৫, বেন ফোকস ৩৫ ও স্টোকস ৩৩ রান করেন। জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে স্নায়ুর চাপ সামলে দুরন্ত জয় নিশ্চিত করেন ওয়াগনার। ৬২ রান খরচ করে তিনি নেন ৪ উইকেট। টিম সাউদি তিনটি ও ম্যাট হেনরি দুটি উইকেট পেয়েছেন।
হ্যারি ব্রুকের ১৮৬ ও জো রুটের অপরাজিত ১৫৩ রানের সুবাদে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল ইংল্যান্ড। এরপর ২০৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অনে বাধ্য হয়ে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান তোলে কিউয়িরা। ১৩২ রান করে কেন উইলিয়ামসন। টম ব্লান্ডেল ৯০ ও ড্যারিল মিচেল ৫৪ রান করেন। জ্যাক লিচ নিয়েছিলেন পাঁচ উইকেট।
২০০১ সালে ইডেন টেস্টে অস্ট্রেলিয়া ফলো অন করিয়েছিল ভারতকে। সেই টেস্ট ভারত জেতে ১৭১ রানে। ১৮৯৪ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অনে বাধ্য হয়ে ১০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। ১৯৮১ সালে লিডসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অস্ট্রেলিয়া ফলো অন করিয়েছিল ইংল্যান্ডকে, সেবার ইংল্যান্ড জিতেছিল ১৮ রানে। ফলে এই নিয়ে চতুর্থবার ফলো অনে বাধ্য হয়ে কোনও দল টেস্ট জিতল। ১ রানে টেস্ট জয় এই নিয়ে দ্বিতীয়বার। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরেই রইল ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের এদিনের জয়।












Click it and Unblock the Notifications