ধোনিকে বিরল সম্মান জানাতে চলেছে মুম্বই ক্রিকেট সংস্থা
নিজের শহর রাঁচিতে ঝাড়খন্ড ক্রিকেট স্টেডিয়াম বা সেকেন্ড হোম চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামাঙ্কিত স্ট্যান্ড।এবার মুম্বাই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হচ্ছে মাহিকে। বিশ্বকাপজয়ী ভারত এবার স্থায়ীভাবে জায়গা করে নিতে চলেছেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
২০১১ সালের ২ এপ্রিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটির মাহাত্ম্য। ২৮ বছর পর এই দিনেই দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। শ্রীলংকার বিরুদ্ধে ফাইনালে মাহির ছক্কা মেরে ম্যাচ জেতানোর দৃশ্যটা আজীবন জায়গা করে নিয়েছে দেশবাসীর মনে। বিশ্বকাপ জয়ের ১২ বছর পর মুম্বাই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বিরল সম্মান জানানো হচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ককে।

শ্রীলংকার বিরুদ্ধে কাপ জেতানো মাহির মারা ছয়টি যে আসনটিতে পড়েছিল সেই আসনটিকে এবার তার নামে সংরক্ষিত করে রাখার সিদ্ধান্ত নিল মুম্বাই ক্রিকেট বোর্ড। আগামী ৮ এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে সিএসকে। এমসিএ-র পরিকল্পনা ঐদিনই ধোনির নামাঙ্কিত আসনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তেন্ডুলকর থেকে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তীদের নামে স্ট্যান্ড করা হয়েছে। এই স্টেডিয়ামে পলি উমরিগড় ও বিনু মাঙ্কড়েরর নামে প্রবেশদ্বারের নামকরণও করা হয়েছ।
তবে এই প্রথমবার ভারতে কোনও ক্রিকেটারের নামে আসন সংরক্ষণ করা হচ্ছে। এই ঘরানা চালু আছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্রিকেট স্টেডিয়ামে।ভারতে এই উদ্যেগ প্রথমবার নিল এমসিএ। বিশ্বের বিভিন্ন মাঠের মতোই ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামগুলিতে বরেণ্য ক্রিকেটারদের নামাঙ্কিত স্ট্যান্ড একেবারেই নতুন নয়। ইডেন থেকে মেলবোর্ন প্রতিটি মাঠেই প্রাক্তন ক্রিকেটার বা ক্রিকেট প্রশাসকদের নামাঙ্কিত স্ট্যান্ড রয়েছে।

ধোনির সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হতে চলেছে। দেশের একাধিক ক্রিকেট স্টেডিয়ামে তার নামাঙ্কিত স্ট্যান্ড রয়েছে।তবে এবার বিশ্বকাপ জয়ের মাঠে স্থায়ীভাবে আসন সংরক্ষণ হতে চলেছে তাঁর নামে। এমসিএ প্রেসিডেন্ট অমল কালে জানিয়েছেন,' মুম্বাই ক্রিকেট সংস্থা একটি সিদ্ধান্ত নিয়েছে। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে মাহির শেষ শটটি যেখানে পড়েছিল সেই আসনটি পাকাপাকিভাবে ধোনির নামে নামাঙ্কিত করা হবে।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন ' আমরা ধোনিকে অনুরোধ করবো উদ্বোধনের দিন তাকে হাজির থাকার জন্য। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হবে।' সব কিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল মুম্বই বনাম চেন্নাই ম্যাচেই এই অনুষ্ঠান হতে পারে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications