মিতালি রাজ আমেদাবাদে নয়া দায়িত্বে, মহিলাদের প্রিমিয়ার লিগে থাকবেন কোন ভূমিকায়?
মিতালি রাজকে মহিলাদের প্রিমিয়ার লিগে দেখা যাবে মেন্টর ও পরামর্শদাতার ভূমিকায়। আমেদাবাদ দলের সঙ্গে যুক্ত হলেন। খেলবেন কিনা তা স্পষ্ট নয়।
মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম চমকটি দিল আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক দরে এই দলের মালিকানা নিয়েছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। এবার সেই ফ্র্যাঞ্চাইজির তরফেই জানিয়ে দেওয়া হলো, প্রথম সংস্করণ থেকেই আমেদাবাদের দলটির মেন্টর ও পরামর্শদাতা হিসেবে থাকবেন মিতালি রাজ।

মিতালি নতুন ভূমিকায়
উইমেন্স প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা দিল্লিতে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ে মহিলাদের প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছিলেন। যদিও মিতালি, ঝুলন গোস্বামীর মতো ক্রিকেটাররা মহিলাদের প্রিমিয়ার লিগে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দলের মেন্টর ও পরামর্শদাতা থাকলেও যে কোনও ক্রিকেটার খেলতে পারেন না, তেমনটা নয়। ফলে মিতালি নতুন দায়িত্ব নেওয়ার পর ফের ব্যাট হাতে খেলতে নামবেন কিনা তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে
মহিলাদের আইপিএল, যার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ বা সংক্ষেপে ডব্লুপিএল রেখেছে বিসিসিআই, তার পাঁচটি দলের মালিকানা পাঁচটি সংস্থা চমকপ্রদ দরে নেয়। সেদিনই বিসিসিআই সচিব জয় শাহর টুইটকে রিটুইট করে মিতালি লিখেছিলেন, মহিলাদের প্রিমিয়ার লিগ রেকর্ড গড়ে পথ চলা শুরু করল। মহিলাদের ক্রিকেটে এই টুর্নামেন্ট বিপ্লব আনবে বলেও আশা প্রকাশ করেছিলেন মিতালি। এবার তারই একটি দলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁকে গুজরাতে মেয়েদের ক্রিকেটের বিকাশে নানাভাবে সামিল করারও পরিকল্পনা করে রেখেছে গুজরাতের ফ্র্যাঞ্চাইজি।
|
আদানিদের চমক
আজ আদানি স্পোর্টসলাইনের তরফে প্রণব আদানি টুইটে জানান, পদ্মশ্রী তথা দেশের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁদের সংস্থা মেন্টর ও পরামর্শদাতা করছে। এই পার্টনারশিপে প্রচুর রান উঠবে বলেও ক্রিকেটীয় ভাষাতেই মিতালিকে স্বাগত জানান প্রণব আদানি। সেই টুইটটি রিটুইট করেছেন মিতালি রাজ। এদিনও তিনি লেখেন, মহিলাদের ক্রিকেটে ডব্লুপিএল সবচেয়ে বড় গেম-চেঞ্জারের ভূমিকা পালন করবে। টুর্নামেন্টের ঐতিহাসিক প্রথম সংস্করণেই তাঁকে আমেদাবাদ দলে মেন্টরের ভূমিকা পালনের সুযোগ করে দেওয়ার জন্য প্রণব আদানিকে ধন্যবাদজ্ঞাপনও করেন মিতালি।

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দেশের প্রাক্তন অধিনায়ক
২০২২ সালের ৮ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মিতালি রাজ। সেই বিবৃতিতেই লিখেছিলেন, ভারতে মহিলা ক্রিকেটের বিকাশের লক্ষ্যে নিজেকে নিযুক্ত রাখবেন। অবসরের পর টিভি চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় মিতালিকে দেখা গিয়েছে। এবার আমেদাবাদ দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ। আইপিএলে আবির্ভাবের বছরেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। স্বাভাবিকভাবেই মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি দলকে ঘিরে প্রত্যাশা থাকবেই। মিতালি নতুন চ্যালেঞ্জ সামলাতে মুখিয়েও রয়েছেন।












Click it and Unblock the Notifications