Matthew Breetzke: একদিনের আন্তর্জাতিকে অভিষেকেই বিশ্বরেকর্ড! আইপিএলে কোন দলে আছেন ব্রিটজকে?
Matthew Breetzke: ম্যাথু ব্রিটজকে। একদিনের আন্তর্জাতিকে বিশ্বরের্ড গড়েছেন গতকাল। লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
কেন উইলিয়ামসনের ১১৩ বলে অপরাজিত ১৩৩ রানের দৌলতে নিউজিল্যান্ড ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু তাতেই স্বমহিমায় উজ্জ্বল ব্রিটজকে।

একদিনের আন্তর্জাতিকে অভিষেকেই বিশ্বরেকর্ডের দখল নিয়েছেন ব্রিটজকে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫০ পূর্ণ করেছিলেন ৬৮ বলে। শতরান পেয়ে যান ১২৮ বলে, ৬টি চার ও ২টি ছয়ের দৌলতে। দেড়শো রানে পৌঁছন ১৪৭ বল খেলে। তখন তাঁর নামের পাশে ১১টি চার ও পাঁচটি ছয়।
ওডিআই অভিষেকে সর্বাধিক রান করার ৪৭ বছরের পুরানো বিশ্বরেকর্ডটি এই ম্যাচে ডেসমন্ড হেইন্সের থেকে ছিনিয়ে নিলেন ব্রিটজকে। ১৯৭৮ সালে সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হেইন্স ওডিআই অভিষেকে করেছিলেন ১৪৮ রান।
২০২১ সালে আবু ধাবিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেকে করেন ১২৭। এ ছাড়া মার্ক চ্যাপম্যান অপরাজিত ১২৪, কলিন ইনগ্রাম ১২৪ ও মার্টিন গাপটিল একদিনের আন্তর্জাতিকে অভিষেকে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন ওডিআই অভিষেকে।
কলিন ইনগ্রাম, তেম্বা বাভুমা ও রিডা হেন্ডরিকসের পর দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটার হিসেবে ব্রিটজকে ওডিআই অভিষেকে শতরান করলেন। বিশ্বের ১৯তম ব্যাটার হিসেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন নজির আর কারও এতদিন ছিল না।
দলের কোনও ব্যাটার দেড়শো করার পরও দক্ষিণ আফ্রিকা হারল এমন হলো এই প্রথম। ২০২৩ সালে ইস্ট লন্ডনে বাভুমা ১৪৪ করার পরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল প্রোটিয়ারা। কিউয়িদের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস খেলার নিরিখে ডেভ কালাহানের অপরাজিত ১৬৯-এর পরেই রইল ব্রিটজকের কীর্তি।
দক্ষিণ আফ্রিকা গতকাল তুলেছিল ৬ উইকেটে ৩০৪। তার মধ্যে ওপেনার ব্রিটজকেরই ১৪৮ বলে ১৫০। ১১টি চার ও পাঁচটি ছয় দিয়ে সাজানো সেই ইনিংস। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ব্রিটজকে শূন্য রানে আউট হয়েছিলেন।
ওডিআই অভিষেকের আগে ১০টি টি২০ আন্তর্জাতিকে ১৫১ রান করেছেন ব্রিটজকে। সর্বাধিক স্কোর ছিল ৫১। গতকাল ওডিআই অভিষেকে করলেন ১৫০। ব্রিটজকের দিকে নজর থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসও আশাবাদী হতেই পারে ব্রিটজকেকে নিয়ে। কেন না, প্রোটিয়া ব্যাটারকে ৭৫ লক্ষ টাকায় কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ঋষভ পন্থের অন্যতম তুরুপের তাস হতে পারেন এই ওপেনার।
লখনউ সুপার জায়ান্টসের যে দল এসএ২০-তে রয়েছে তাতেও রয়েছেন ব্রিটজকে। ডারবান সুপার জায়ান্টসের ২৮টি ম্যাচে ২৪ ইনিংসে তিনি ৬৫৮ রান করেছেন, ২টি অর্ধশতরান-সহ। ভাইটালিটি ব্লাস্টে ১৩ ম্যাচে ৪৬০ রান রয়েছে, চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।












Click it and Unblock the Notifications