Mashrafe Mortaza: মাশরাফির নামে মামলা বাংলাদেশে, চাঞ্চল্যকর অভিযোগ তাঁর বাবা-সহ ৯০ জনের বিরুদ্ধে
Mashrafe Mortaza: বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তার আগে আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য তথা বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের হয় খুনের মামলা। এবার মামলা দায়ের হলো মাশরাফির বিরুদ্ধেও।

২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে চলতি বছরের ৬ অগাস্ট পর্যন্ত নড়াইল-২-র সংসদ সদস্যের দায়িত্ব সামলেছেন মাশরাফি। তিনি জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন। ২০২২ থেকে বাংলাদেশে আওয়ামি লিগের যুব ও ক্রীড়া সম্পাদকও করা হয়েছিল।
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলি গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মাশরাফি, তাঁর বাবা গোলাম মুর্তজা-সহ ৯০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০ জনকে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মুজাহিদুর রহমান। আজ নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ সাইফুল ইসলাম জানান, এখনও পর্যন্ত মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। তিনি জাতীয় সংসদের প্রাক্তন হুইপও ছিলেন। দ্বিতীয় আসামি করা হয়েছে মাশরাফির বাবাকে। তৃতীয় ও চতুর্থ আসামি যথাক্রমে জেলা আওয়ামি লিগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান।
মাশরাফিদের বিরুদ্ধে অভিযোগ, গত ৪ অগাস্ট জেলা বিএনপি ও শাখা সংগঠনের নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হাসিনা সরকারের পদত্যাদের দাবিতে উপজেলার নাকশি বাজার থেকে মালিবাগ অবধি মিছিলের উদ্যোগ নিয়েছিল। মিছিলটি শহরের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পৌঁছলে প্রথম চার আসামির নির্দেশে আসামি মাহমুদুল শটগান থেকে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করেন।
এ ছাড়া আরও কয়েকজন পিস্তল দিয়ে মিছিলে গুলি করলে দুজন গুলিবিদ্ধ হন বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের কয়েকজন বোমা, ইট-পাটকেল, পাথর ছোড়ে বলেও অভিযোগ। লোহার রড, চাইনিজ কুড়াল, বাঁশের লাঠি দিয়ে মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
আসামিদের ভয়ে সেই সময় অনেকে চিকিৎসা করাতে পারেননি বলেও অভিযোগ। সরকার পতনের পর তাঁরা বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা করান। সেই সময় অনুকূল পরিস্থিতি না থাকায় অভিযোগ দায়ের করা যায়নি বলেও জানিয়েছেন মামলাকারী। মাশরাফি অবশ্য এখন ক্রিকেটে ফেরা নিয়ে ব্যস্ত। তিনি ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে ইউএস টি১০ লিগে খেলবেন।












Click it and Unblock the Notifications