দিন-রাতের টেস্টে শতরানের রেকর্ড লাবুশানের, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে চাপা পড়ছে ইংল্যান্ড
ব্রিসবেনের পর অ্যাডিলেডেও টেস্ট জয়ের গন্ধ পেতে শুরু করল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল আজ ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। অ্যাডিলেডে মাঠের পাশেই বজ্রপাতের জেরে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়। ৮.৪ ওভারে ইংল্যান্ড দুই ওপেনারকে হারিয়ে ১৭ রান তুলেছে। এখনও পিছিয়ে ৪৫৬ রানে। এদিন দিন-রাতের টেস্টে অনন্য নজির গড়েছেন মার্নাস লাবুশানে।

লাবুশানের নজির
প্রথম দিনের শেষে শতরান থেকে পাঁচ রান দূরে ছিলেন লাবুশানে। গতকাল তিনি তিনবার জীবন পান। আজ জেমস অ্যান্ডারসনের বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মেরে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরানটি পূর্ণ করেন তিনি। অ্যাশেজে এটি তাঁর প্রথম শতরান। শুধু তাই নয়, লাবুশানে ছাড়া বিশ্বের আর কোনও ব্যাটারের দিন-রাতের টেস্টে তিনটি শতরান করার নজির নেই। শতরান পূর্ণ করার পর অলি রবিনসনের বলে তিনি উইকেটকিপার জস বাটলারের হাতে ক্যাচ দেন। যদিও রিপ্লেতে দেখা যায় রবিনসন নো বল করেছিলেন, ওভারস্টেপিংয়ের জেরে ফের জীবন পান লাবুশানে। যদিও নিজের ইনিংসের ৪০০ মিনিটের মাথায় তিনি রবিনসনের বল ছাড়তে গিয়ে লেগ বিফোর আউট হন।

স্বপ্নের ফর্মে
টেস্ট ক্রিকেটে ১৪৪ বছরের ইতিহাসে ৩ হাজার ৬৮ জন ক্রিকেটারের মধ্যে লাবুশানের চেয়ে দ্রুততম ২ হাজার রান টেস্টে পূর্ণ করার নজির রয়েছে মাত্র চারজনের। তাঁরা হলেন ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলি, হার্বার্ট সাটক্লিফ ও মাইক হাসি। গতকাল টেস্টে ২ হাজার রান পূর্ণ করেছেন লাবুশানে, নিজের ৩৪তম ইনিংসে। ব্র্যাডম্যানের লেগেছিল সবচেয়ে কম ২২ ইনিংস। জামাইকার হে়ডলি ৩২ এবং ইংল্যান্ডের সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার হাসি দুজনেই নিজেদের টেস্ট কেরিয়ারের ৩৩তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছিলেন। এদিন লাবুশানে ৩০৫ বলে ১০৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার। ২৪১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় অজিরা।

রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়লেও গতকাল ডেভিড ওয়ার্নারের পর এদিন অধিনায়ক স্টিভ স্মিথ নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন। কামিন্সের পরিবর্তে এই টেস্টে নেতৃত্ব দেওয়া স্মিথ ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২০১ বলে ৯৩ রান করে লেগ বিফোর হলেন জেমস অ্যান্ডারসনের বলে। ট্রেভিস হেড ১৮ ও ক্যামেরন গ্রিন ২ রানের বেশি করতে পারেননি। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ১০৭ বলে ৫১ রান করেন। মিচেল স্টার্ক ৩৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ২৪ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই টেস্টেই অভিষেক হওয়া মাইকেল নেসের।

১৫১ ওভারেও অল আউট নয়
১৫০.৪ ওভারে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে অজিরা। ইংল্যান্ডের সফলতম বোলার বেন স্টোকস ১১৩ রানের বিনিময়ে ৩ উইকেট পান। জেমস অ্যান্ডারসন দুই উইকেট তুলে নেন ৫৮ রান খরচ করে। একটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, অলি রবিনসন ও জো রুট।

চাপে ইংল্যান্ড
জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। হাসিব হামিদকে ৬ রানে আউট করে টেস্ট কেরিয়ারের প্রথম উইকেটটি ঝুলিতে পুরে ফেলেন মাইকেল নেসের। ররি বার্নস ৪ রান করে মিচেল স্টার্কের শিকার। অধিনায়ক জো রুট ৫ ও ডেভিড মালান ১ রানে অপরাজিত রয়েছেন। নেসেরের বলের সামনে মালান গার্ড নিয়ে দাঁড়াতেই মাঠের পাশে বাজ পড়ে। সেই ছবি ধরা পড়ে স্টাম্প ক্যামেরায়। এরপরই দিনের খেলা বন্ধ রাখা হয়।
Play has been abandoned for today.
— cricket.com.au (@cricketcomau) December 17, 2021
Play will commence at 2.11pm local time tomorrow #Ashes https://t.co/lDFAiOHADW












Click it and Unblock the Notifications