IND-W vs WI-W: মান্ধানা, রিচার ব্যাটে রেকর্ডের ফুলঝুরি, ৫ বছর পর দেশে টি২০ সিরিজ জয় ভারতের মেয়েদের
IND-W vs WI-W: পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথমবার টি২০ আন্তর্জাতিক সিরিজ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। আজ তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রমীলা বাহিনী পরাস্ত ৬০ রানে।
ফলে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল। এদিনের ম্য়াচেও হরমনপ্রীত কৌর খেলতে পারেননি। ভারতকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয়। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৭ রান তোলে ভারত। টি২০ আন্তর্জাতিকে যা ভারতীয় মহিলা দলের সর্বাধিক স্কোর। গত বছর জুলাইয়ে ডামবুলায় সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে করা ৪ উইকেটে ২০১ রানের নজির এদিন ভেঙে গেল।
অধিনায়ক স্মৃতি মান্ধানা ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৭ রান করেন। মহিলাদের টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করার নজির গড়েছিলেন আগের ম্যাচেই। মেয়েদের টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি (৩০) ৫০ বা তার বেশি রানের নজির গড়লেন এদিন। পিছনে ফেললেন সুজি বেটসকে (২৯)।
চলতি বছর মহিলাদের টি২০ আন্তর্জাতিকে স্মৃতি মান্ধানা আপাতত সর্বাধিক রান সংগ্রহকারী। ২৩ ম্যাচে ২১ইনিংসে ৭৬৩ রান, ৮টি হাফ সেঞ্চুরি-সহ। টপকে গেলেন চামারি আতাপাত্তুর ২১ ম্যাচে ৭২০ রানের নজির। উমা ছেত্রী শূন্য রানে আউট হন। জেমাইমা রডরিগেজ করেন ২৮ বলে ৩৯।
রিচা ঘোষ এদিন ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। মহিলাদের টি২০ আন্তর্জাতিকে যা যুগ্ম সর্বাধিক। রিচা ভাগ বসালেন অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের কীর্তিতে। তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে রিচা ২১ বলে ৫৪ রান করেন।
চারে নেমে রাঘবি বিস্ত ২২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ৪ রানে অপরাজিত থেকে যান সজীবন সাজনা। চিনেল হেনরি, ডিয়ান্ড্রা ডটিন, আলিয়া অ্যালেইন ও অ্যাফি ফ্লেচার একটি করে উইকেট নেন। ৪ ওভারে ডটিন দেন সবচেয়ে বেশি ৫৪ রান।
জবাবে খেলতে নেমে ৯ উইকেটে ১৫৭ রানের বেশি যেতে পারেনি হেইলি ম্যাথুজের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। ১৬ বলে সর্বাধিক ৪৩ রান করেন হেনরি। রাধা যাদব ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন। রেণুকা সিং, সজীবন সাজনা, তিতাস সাধু ও দীপ্তি শর্মা পেয়েছেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications