টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? পরিসংখ্যান চিন্তায় রাখবে বিরাটদের
টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ার পর সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে ভারতকে জিততেই হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কাল শারজায় পাকিস্তান ম্যাচ খেলে রবিবার বিরাট কোহলির দলের বিরুদ্ধে নামবে কেন উইলিয়ামসনের দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃষ্টিবিঘ্নিত ফাইনালেও ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। আইসিসির সিনিয়র পর্যায়ের ইভেন্টে কেন উইলিয়ামসনের দলকে হারাতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও। বিশ্বকাপের আসরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ডও চমকপ্রদ নয়।

অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড
২০০৩ সালের বিশ্বকাপের পর থেকে আর ৫০ ওভার কিংবা টি ২০ কোনও ফরম্যাটের বিশ্বকাপের আসরেই ভারতের কাছে হারেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ২৯ বছর ধরে অপরাজেয় থাকার দর্প গতকালই দুবাইয়ে চূর্ণ হয়েছে। টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড দুবারই ভারতকে হারিয়েছে ২০০৭ ও ২০১৬ সালে। তবে এবারের টি ২০ বিশ্বকাপের কিছু ব্যতিক্রমী ঘটনা বিরাটদের আত্মবিশ্বাসী রাখতেই পারে। যেমন, এবারের টি ২০ বিশ্বকাপেই প্রথমবার ইংল্যান্ডের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত হেরেছে পাকিস্তানের কাছে। সেই ধারার অঙ্গ হিসেবে টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কিউয়িদের অপরাজেয় থাকার রেকর্ড ভাঙতেই পারে। তবে ভারতকে বেশ কাঠখড় পোড়াতেই হবে। রদবদল আনতে হবে দলে, এবং অবশ্যই মানসিকতায়।

৫০ ওভারের বিশ্বকাপে
৫০ ওভারের বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৮ বার, পাঁচবারই জিতেছে নিউজিল্যান্ড। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপে ম্যাঞ্চেস্টার ও লিডসে ভারতকে নিউজিল্যান্ড যথাক্রমে ৪ ও ৮ উইকেটে হারিয়েছিল। ১৯৮৭ সালের বিশ্বকাপে ভারত ব্যাঙ্গালোর (বর্তমান বেঙ্গালুরু) ও নাগপুরে কিউয়িদের হারিয়েছিল যথাক্রমে ১৬ রান ও ৯ উইকেটে। ১৯৯২ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড ডুনেডিনে ভারতকে ৪ উইকেটে হারায়। ১৯৯৯ সালের বিশ্বকাপে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে কিউয়িদের কাছে ৫ উইকেটে পরাস্ত হয়েছিল ভারত। ২০০৩ সালের বিশ্বকাপে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। তবে ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতকে নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছিল ১৮ রানে।

টি ২০ বিশ্বকাপে
টি ২০ বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড প্রথমবার মুখোমুখি হয় জোহানেসবার্গে ২০০৭ সালের প্রথম টি ২০ বিশ্বকাপে। সেই ম্যাচে নিউজিল্যান্ড ১০ রানে জিতেছিল। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে নাগপুরে ভারত জঘন্যভাবে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। সুপার ১০-এ গ্রুপ-২-এর খেলায় নিউজিল্যান্ড ৭ উইকেটে ১২৬ রান তুলেছিল। ১৮.১ ওভারে মাত্র ৭৯ রানে অল আউট হয়ে যায় ভারত। ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মিচেল স্যান্টনার। ইশ সোধি ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩০, বিরাট কোহলির ২৩ ও রবিচন্দ্রন অশ্বিনের ১০ ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।

দিন বদলের লক্ষ্যে
ভারতীয় দলে নিউজিল্যান্ড ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হার্দিক পাণ্ডিয়ার বাদ পড়া নিশ্চিত। গতকাল পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের সময় তিনি কাঁধে চোটও পেয়েছেন। হার্দিকের জায়গায় শার্দুল ঠাকুরই প্রথম একাদশে আসবেন। কিউয়ি ব্যাটারদের কথা মাথায় রেখে খেলানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে, সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে যেতে পারেন ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার যাদবের জায়গায় ফর্মে থাকা ঈশান কিষাণকেও নামানো হতে পারে। ভারতের প্রথম একাদশ হতে পারে এরকম- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব বা ঈশান কিষাণ, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।












Click it and Unblock the Notifications