আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন, গুজরাত টাইটান্সের সঙ্গে ধাক্কা নিউজিল্যান্ডেরও
আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। গতকাল আমেদাবাদে চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক। মাঠ ছাড়তে হয় সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে। গুজরাত টাইটান্স শিবির সূত্রকে উল্লেখ করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এবারের আইপিএলেই খেলতে পারবেন না উইলিয়ামসন।

ছিটকে গেলেন উইলিয়ামসন
চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের সময় ত্রয়োদশ ওভারের ঘটনা। জশ লিটলের কোমর সমান উচ্চতার শর্ট বল লেগ স্টাম্পে পেয়েই ঋতুরাজ গায়কোয়াড় সপাটে তা স্কোয়্যার লেগের উপর দিয়ে পাঠান। উইলিয়ামসন অনেকটা লাফিয়ে ক্যাচ ধরার চেষ্টা করে ব্যর্থ হন। সজোরে তিনি বাউন্ডারি লাইনের ধারে মাটিতে পড়েও যান। ছয় না হলেও এই বলটিতে চার পান ঋতুরাজ। তবে কেনের শরীরের যাবতীয় ভার ডান হাঁটুতে পড়ে। স্বাভাবিকভাবেই হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিও ছুটে যান। এরপরই তাঁকে মাঠ ছাড়তে হয়।
|
হাঁটুতে চোট
উইলিয়ামসন যদি ক্যাচটি ধরতে পারতেন তাহলে সেটি দৃষ্টিনন্দন ক্যাচ হতো। ঋতুরাজ গায়কোয়াড় তখন সাজঘরে ফিরতেন ৩৬ বলে ৭১ রানে। যদিও বাউন্ডারির সঙ্গে সঙ্গেই তিনি ৭৫ রানে পৌঁছে যান। শেষ অবধি ৫০ বলে ৯২ রান করে আউট হন ঋতুরাজ। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেন, উইলিয়ামসনের প্রতি আমরা সহমর্মী। তাঁর চোট কতটা গুরুতর সেটা বুঝতে পারছি না। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গোটা বিষয়টি স্পষ্ট হবে। ডান হাঁটুতে চোট পেয়েছেন আমাদের সাদা বলের অধিনায়ক। এই চোট তাঁর কাছে তো বটেই, আমাদের দলের কাছেও বড় ধাক্কা।

গুজরাতের হয়ে প্রথম ম্যাচেই বিপত্তি
২০১৫ থেকে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন উইলিয়ামসন। ২০১৮-র পাশাপাশি গত বছরের আইপিএলে তিনি পুরো মরশুমের জন্য অধিনায়ক ছিলেন। ২০১৯ ও ২০২১ সালের আইপিএলেও কয়েকটি ম্যাচে তিনি নেতৃত্ব দেন অরেঞ্জ আর্মিকে। এবারের নিলামের আগে উইলিয়ামসনকে ছেড়ে দেয় সানরাইজার্স। গুজরাতের হয়ে প্রথম ম্যাচেই চোট পেলেন। তিনি ব্যাট করতে না পারায় সাই সুদর্শন তিনে নামেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
|
মাঠে কবে ফিরবেন?
উইলিয়ামসন চোট পাওয়ার পর স্টার স্পোর্টসে গুজরাত টাইটান্সের মেন্টর গ্যারি কার্স্টেন বলেছিলেন, যেভাবে চোট লেগেছে তা দেখে ভালো লাগছে না। ফিজিওরা দেখছেন। আশা করি, সব ঠিক হয়ে যাবে। ম্যাচের পর গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি ফিরে এলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন। তখনই বোঝা যাবে, ডান হাঁটুর এই চোট কতটা গুরুতর। কতদিন সময় লাগবে মাঠে ফিরতে।

বিশ্বকাপের বছরে চিন্তায় নিউজিল্যান্ড
কেন উইলিয়ামসনের চোট নিউজিল্যান্ডকে চিন্তায় রাখছে যেহেতু অক্টোবরে ভারতে বিশ্বকাপ রয়েছে। উইলিয়ামসনকে বছর দুয়েক ধরে কনুইয়ের চোট ভোগাচ্ছে। গত আইপিএলে ১৩ ইনিংসে তিনি ২১৬ রান করেছিলেন। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি শতরান করেন। আইপিএল খেলতে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েলিংটনে ২১৫ রানের ইনিংস খেলেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications