Jasprit Bumrah: রোহিত ও গুরবাজকে পিছনে ফেললেন বুমরাহ, টি২০ বিশ্বকাপের সাফল্যে দখলে ঈর্ষণীয় স্বীকৃতি
Jasprit Bumrah: টি২০ ব্যাটারদের খেলা। এই ধারণা আরও একবার ধাক্কা খেল টি২০ বিশ্বকাপে। জসপ্রীত বুমরাহ ভারতের টি২০ বিশ্বজয়ের অন্যতম ফ্যাক্টর হয়েছেন।
এবার ভারতের ১ নম্বর পেসার দখলে নিলেন ঈর্ষণীয় স্বীকৃতি। তাও দুই ব্যাটারদের সঙ্গেই লড়াইয়ে থেকে। রোহিত শর্মা ও রহমানুল্লাহ গুরবাজকে পিছনে ফেলে দিলেন বুমরাহ।

এবারের টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তিনি করেছিলেন ৮ ম্যাচে ২৮১। রোহিত শর্মা ছিলেন ঠিক তাঁর পিছনে। ভারতের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ৮ ম্যাচে ২৫৭ রান করে থামেন।
টি২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৭টি করে উইকেট নেন আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের অর্শদীপ সিং। জসপ্রীত বুমরাহ ৮ ম্যাচে ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ৯ ম্যাচে ১৫টি করে উইকেট দখল করেন। তবে বুমরাহর ইকনমিতে ধারেকাছে কেউ নেই।
বুমরাহ এবারের টি২০ বিশ্বকাপে ২৯.৪ ওভার হাত ঘুরিয়ে ১২৪ রান খরচ করে ১৫টি উইকেট নেন। সেরা বোলিং সাত রান খরচ করে তিন উইকেট। গড় ৮.২৬, ইকনমি ৪.১৭, স্ট্রাইক রেট ১১.৮৬। বুমরাহ যে বল হাতে ঈর্ষণীয় ধারাবাহিকতা দেখিয়েছেন, তা ভারতের কাপ জয়ের পথ প্রশস্ত করতে সহায়ক হয়েছে।
টি২০ বিশ্বকাপের পারফরম্যান্সের বিচারেই বুমরাহ, রোহিত ও গুরবাজ জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন। অবশেষে দেশের সেরা পেসারই এই পুরস্কারের দখল নিলেন। টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা পুরস্কার হওয়ার পরেই এই স্বীকৃতি মেলা বুমরাহর কেরিয়ারেও তাৎপর্যপূর্ণ।
বুমরাহ টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচে ৬ রান খরচ করে নেন তিন উইকেট। এরপর পাকিস্তানের বিরুদ্ধে তিনি ১৪ রানের বিনিময়ে নেন তিন উইকেট। আমেরিকার বিরুদ্ধে উইকেট পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে সাত রান খরচ করে তুলে নেন তিন উইকেট।
বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রানের বিনিময়ে ২টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ রান দিয়ে ২টি, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১২ রান খরচ করে ২টি উইকেট নেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রান খরচ করে বুমরাহ ২টি উইকেট ঝুলিতে পোরেন।
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়ে বুমরাহ বলেন, খুব আনন্দিত। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও বার্বাডোজে কয়েক সপ্তাহ ভালো কাটানোর পর এই স্বীকৃতি মিলল। দল হিসেবে আরও অনেক সাফল্যের সেলিব্রেশন করব। তারই পাশে এই ধরনের ব্যক্তিগত স্বীকৃতি ভালো লাগে।
বুমরাহ আরও বলেছেন, টি২০ বিশ্বকাপে যেভাবে পারফর্ম করেছি, বিশ্বকাপ জিতেছি তা আমার কাছে স্পেশ্যাল। এই স্মৃতি আমি আজীবন মনে গেঁথে রাখব। টি২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় এই পুরস্কার গ্রহণের দৌড়ে থাকা রোহিত ও গুরবাজকেও অভিনন্দন জানান বুমরাহ।
পরিবারের সদস্যদের পাশাপাশি সমস্ত সতীর্থ, কোচ এবং যে ফ্যানেরা ভোট দিয়েছেন তাঁদের প্রতিও ধন্যবাদ জানান বুমরাহ। সকলের সমর্থনেই তিনি যে দেশের জার্সি গায়ে সেরাটা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণা পান সে কথা জানাতে ভোলেননি বুমরাহ।
উল্লেখ্য, টি২০ বিশ্বকাপ জয়ের পর সঞ্চালক-স্ত্রী সঞ্জনাকে ইন্টারভিউ দেওয়ার ফাঁকেই আবেগে তাঁকে জড়িয়ে ধরেছিলেন বুমরাহ। তাঁর কেরিয়ারে পরিবারের অবদানের কথাও বারেবারেই উল্লেখ। বিশ্বজয়ের মুহূর্তে স্ত্রী ও পুত্র অঙ্গদকে কাছে পাওয়াও তাঁর বড় প্রাপ্তি বলে জানিয়েছিলেন বুমরাহ। আমেদাবাদে ফিরে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। দেশে ফিরে স্ত্রী ও পুত্রকে নিয়েই বুমরাহ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে।
এদিকে, মহিলাদের ক্রিকেটে জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্ধানা।












Click it and Unblock the Notifications