জেসন রয়ের অসাধারণ ব্যাটিং প্রথম জয় এনে দিল দিল্লি ডেয়ারডেভিলসকে
জেসন রয়ের বিধ্বংসী ইনিংস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ জয় এনে দিল দিল্লি ডেয়ারডেভিলসকে।
জেসন রয়ের বিধ্বংসী ইনিংস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ জয় এনে দিল দিল্লি ডেয়ারডেভিলসকে। ১৯৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পেল দিল্লি। জেসন রয় ৫৩ বলে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ বলে রুদ্ধশ্বাসভাবে ম্যাচ জেতে দিল্লি। ম্যাচের সেরা হয়েছেন জেসন রয়।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রানের। বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই বলে ছয় ও চার মেরে দেন রয়। তবে তার পরের তিন বলে কোনও রান হয়নি। শেষ বলে ১ রান করতে হতো। রয় কভারের উপর দিয়ে বল তুলে এক রান নিয়ে দলকে অনবদ্য জয় এনে দেন।
এদিন জেসন রয় ছাড়াও ঋষভ পন্থ ২৫ বলে ৪৭, গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ১৩ রান, শ্রেয়স আইয়ার ২০ বলে ২৭ রান করেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে চতুর্থ উইকেটে জুটিতে ৬০ রান তোলেন রয়। মুম্বইয়ের বোলারদের মধ্যে একমাত্র ক্রুণাল পান্ডিয়া ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
শেষ দুই ওভারে ১৬ রান বাকী থাকলেও ১৯তম ওভারে মাত্র ৫ রান দেন জসপ্রীত বুমরাহ। ফলে চাপ বেড়ে গিয়েছিল রয়ের উপরে। শেষ ওভারে আবার বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। যদিও রয় মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেন।
ওয়াংখেড়েতে দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মুম্বই ইন্ডিয়ান্স প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে। দুই ওপেনার সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস প্রথম পাঁচ ওভারে ৬৫ রান তুলে ফেলেন। ৮.৩ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে মুম্বই।
মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব ৩২ বলে ৫৩ ও লিউয়িস ২৮ বলে ৪৮ রান করেন। তিন নম্বরে নাম ইশান কিষাণও ২৩ বলে ৪৪ রান করেন। সবমিলিয়ে মুম্বই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে।
টার্গেট কঠিন ছিল। তবে অসম্ভব ছিল না। ওয়াংখেড়ের অসাধারণ ব্যাটিং পিচে এই রান তুলে ফেলল দিল্লি। জয়ে নেতৃত্ব দিয়ে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ডের জেসন রয়।












Click it and Unblock the Notifications